শিক্ষিকার বাড়িতে হামলা, মেয়েকে অপহরণ
স্কুলশিক্ষিকার বাড়িতে হামলা চালিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করে সন্ত্রাসীরা তাঁর কলেজপড়ুয়া মেয়েকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক দিন পর গতকাল বৃহস্পতিবার মেয়েটিকে উদ্ধার ও তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে।
স্কুলশিক্ষিকা দাবি করেন, শীর্ষ সন্ত্রাসী নায়েব আলীর ছেলে আবুল হাসনাতের নেতৃত্বে একটি দল গত বুধবার সন্ধ্যায় তাঁর বাড়িতে অস্ত্র নিয়ে ঢোকে। এ সময় সঙ্গে ছিল হাসনাতের সহযোগী একই গ্রামের সৈয়দ হোসেন, মো. রুবেল, জাহাঙ্গীর হোসেন, আরিফ হোসেন ও সেলিম ওরফে টাইগার সেলিম। সন্ত্রাসীরা বাড়ির সবাইকে জিম্মি করে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে। এরপর শিক্ষিকার কলেজপড়ুয়া মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং রাতেই জোরপূর্বক কাবিননামায় মেয়েটির স্বাক্ষর নেয়।
এ ঘটনার পর গতকাল সকালে ওই শিক্ষিকা আবুল হাসনাতসহ ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন। এরপর পুলিশের একাধিক দল মেয়েটিকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে গতকাল দুপুরে পিরোজপুর গ্রামের একটি বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার ও আবুল হাসনাতের সহযোগী সৈয়দ হোসেন, জাহাঙ্গীর হোসেন ও আরিফ হোসেনকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা সোনারগাঁ থানার এসআই শেখ শরীফুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আগামী রোববার রিমান্ডের শুনানি হবে। মেয়েটিকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে রোববার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।