শিক্ষিকার বিরুদ্ধে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মুলাদী উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সহকারী শিক্ষিকা শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর থেকে প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেন বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদ জরুরি বৈঠক করে সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছে। এ অবস্থায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম দুই দিন ধরে বন্ধ রয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার মুলাদীর লক্ষ্মীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেনকে ক্লাস চলাকালীন শারীরিকভাবে লাঞ্ছিত করেন একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা। অভিযোগ রয়েছে, সরোয়ার হোসেন বিভিন্ন সময় ওই শিক্ষিকার কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে পরে আর তা ফেরত দেননি।
সম্পর্কের টানাপোড়েনের জের ধরে ক্ষিপ্ত হয়ে গত বুধবার বিদ্যালয় চলাকালীন ওই শিক্ষিকা তাঁকে লাঞ্ছিত করেন। ঘটনার পর থেকে বিদ্যালয় বন্ধ রয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুস সালাম বলেন, গত ১৬ এপ্রিল সহকারী শিক্ষিকা স্কুল চলাকালীন প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ ঘটনার পর পরিচালনা পর্ষদ সভা ডেকে শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করে। ওই ঘটনার পর থেকে প্রধান শিক্ষক স্কুলে আসেন না। তাঁকে সাত দিনের ছুটি দেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া ওই শিক্ষিকার চাচা বলেন, প্রধান শিক্ষকের সঙ্গে তাঁর ভাতিজির সম্পর্ক ছিল। এ সুযোগে অনেকেই দুই পক্ষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন।
এ ব্যাপারে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাইল হোসেন জানান, এ রকম কোনো ঘটনা ঘটেছে বলে তাঁর জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে। বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা কাজী মানোয়ার হোসেন জানান, বিষয়টি তাঁকে জানানো হয়নি। এ রকম ঘটনা ঘটে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।