শিক্ষিকাসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গতকাল সোমবার পিকআপ ভ্যানের চাপায় শিক্ষিকাসহ তিনজন নিহত হয়। একই দিন কুমিল্লায় আদর্শ সদর উপজেলায় ট্রাকের চাপায় দুই নারী ও কিশোরগঞ্জ সদরে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
ময়মনসিংহ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে ত্রিশাল পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি ভ্যানে চড়ে পাঁচজন আরোহী বৈলর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌর শহরের উজানপাড়া এলাকায় ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান ওই ভ্যানটিকে চাপা দেয়। এ সময় একটি সাইকেলেও ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ভ্যানের চালক খোকন মিয়া (৩৫) মারা যান। তাঁর বাড়ি উপজেলার হদ্দের ভিটা গ্রামে। গুরুতর আহত অবস্থায় অপর যাত্রী ফেরদৌসী খাতুন (৪০) ও সাইকেলের আরোহী শ্যামল সূত্রধরকে (৪৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাঁদের মৃত্যু হয়। ফেরদৌসী খাতুন হদ্দের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শ্যামল সূত্রধরের বাড়ি উপজেলার দারিরামপুর গ্রামে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।
কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার সৈয়দপুরে গতকাল সকাল সাতটায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মমতাজ বেগম (৪৫)। তিনি বুড়িচং উপজেলার পরিহল পাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের লাগোয়া একটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নিয়ে একটি ট্রাক মহাসড়কে ওঠার সময় অটোরিকশাটিকে চাপা দেয়। দুর্ঘটনায় আহত হন আরও দুজন। মহাসড়ক পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সোলায়মান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
কিশোরগঞ্জ: গতকাল দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের চৌদ্দশত বাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. আবদুস সাত্তার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার চৌদ্দশত এলাকার বাসিন্দা। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী একটি ট্রাক রাস্তা পার হওয়ার সময় আবদুস সাত্তারকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় চালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যান। লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।