শিক্ষিত জনগোষ্ঠী গড়তে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণের ধারাবাহিকতা বজায় রাখতে এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ প্রতিষ্ঠায় শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।
প্রধানমন্ত্রী আজ বুধবার দুপুরে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মধ্যে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রথমস্থান অধিকারী ১৬৩ জন শিক্ষার্থীর মধ্যে স্বর্ণপদক বিতরণ করেন প্রধানমন্ত্রী।
মেধাবী এই শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে দেশ ও জাতিকে তোমরা যথাযথ ও সঠিক নেতৃত্ব দেবে। তোমাদের মেধা, জ্ঞান ও কর্মের ফলে দেশের উন্নয়নে অধিক গতি সঞ্চারিত হবে।’ এই ছেলেমেয়েরাই ভবিষ্যতে দেশের কর্ণধার হবে। এরাই তো মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে উচ্চপর্যায়ের সরকারি-বেসরকারি বিভিন্ন খাতে কাজ করবে।
আজ পদকপ্রাপ্ত ১৬৩ শিক্ষার্থীর মধ্যে মাত্র ৬২ জন ছেলে শিক্ষার্থী হওয়ায় এবং সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন পাবলিক পরীক্ষায় ছেলেদের ফল আশানুরূপ না হওয়ায় মেয়েদের পাশাপাশি ছেলেদের আরও পাঠে মনোনিবেশের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘একসময় আমাদের দেশে মেয়েরা সত্যিই অবহেলিত ছিল। বাবা-মা, অভিভাবক মনে করতেন মেয়েদের লেখাপড়া শিখিয়ে কী হবে, দুদিন পরে বিয়ে দিতে হবে। বিয়ের খরচ আছে। লেখাপড়া শিখে তো পরের ঘরেই চলে যাবে। এই মানসিকতার যে পরিবর্তন হয়েছে, সেটাই সবচেয়ে বড় কথা।’
দেশের উন্নয়নে গণতান্ত্রিক ধারা বজায় রাখার পাশাপাশি সরকারের ধারাবাহিকতা থাকার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশাবাদী আজকে যতটুকুই অর্জন করেছি, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছি। অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হয়েছি। আজকে আমরা এগিয়ে যাব। আর পিছিয়ে যাব না।’
সরকারপ্রধান বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে আমরা ২০১০ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পাস করা হয়েছে। বর্তমানে দেশে ৪৬টি পাবলিক ও ১০৩টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৪৯টি।’
উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন’ পাস হয়েছে এবং শিগগিরই এর কার্যক্রম শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়গুলোকে মান সমৃদ্ধ করা এবং তাদের তদারকি, নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করার জন্য ‘উচ্চশিক্ষা কমিশন’ প্রতিষ্ঠার কাজও শেষ পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ইশরাত জাহান প্রিয়া এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী সজন ধর স্বর্ণপদক প্রাপ্তদের পক্ষে নিজস্ব অনুভূতি জানিয়ে বক্তৃতা দেন।
বিশ্ববিদ্যালয়ের পাঠ্য হিসেবে অনুষ্ঠানে অধ্যাপক রফিকুল ইসলাম ও সৌমিত্র শেখর তাঁদের রচিত ‘বাংলা ভাষা ও সাহিত্য’ শীর্ষক গ্রন্থটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন অনুষ্ঠানে বক্তৃতা দেন। ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন।