শিক্ষিত ব্যক্তি কে তা স্পষ্ট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফতোয়া বিষয়ে আপিল বিভাগের রায় নিয়ে নারী ও মানবাধিকারকর্মীরা সংশয়ে আছেন। কারও কারও মন্তব্য, এ রায় ‘ধরি মাছ না ছুঁই পানি’র মতো। তা ছাড়া রায়টির অপব্যবহার হওয়ার সুযোগ রয়ে গেছে।ধর্মীয় বিষয়ে ফতোয়া দেওয়া যাবে, তবে এর মাধ্যমে শারীরিক ও মানসিক কোনো ধরনের শাস্তি দেওয়া যাবে না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। রায়ে বলা হয়, শুধু যথাযথ শিক্ষিত ব্যক্তিরা ফতোয়া দিতে পারবেন। এ ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব বা বলপ্রয়োগ করা যাবে না।আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন হামিদা হোসেন প্রথম আলোকে বলেন, ‘রায়টি দেখে মনে হয়েছে, এতে এদিক-ওদিক অর্থাৎ দুই দিকই বলছে। ফতোয়া দেওয়ার বিষয়টি এত দিন দেশীয় আইনে বৈধ ছিল না। রায়ে একে জায়েজ করে দেওয়া হলো।’তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ফতোয়ার অপব্যবহার করা যাবে না, এ বিষয়টি রায়ে স্পষ্ট করা হয়েছে। কিন্তু অপব্যবহার হবে না, তা নিশ্চিত করা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। অন্যদিকে শিক্ষিত ব্যক্তি কে, এর সংজ্ঞা সুনির্দিষ্ট করা হয়নি। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নারীনেত্রী ফাওজিয়া করিম ফিরোজ বলেন, ‘প্রধান বিচারপতি বুলেট আকারে রায়টি প্রকাশ করেছেন। ফলে রায়টি বুঝতে সমস্যা হচ্ছে। সংশয় ও বিতর্ক দেখা দিয়েছে। যিনি কোরআন মুখস্থ জানেন, কিন্তু শিক্ষিত নন, তিনিও শিক্ষিত ব্যক্তি হিসেবে গণ্য হবেন কি না, তা স্পষ্ট করা হয়নি।’বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, গণমাধ্যমে রায়টি যেভাবে প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ প্রথমে বড় বড় শিরোনামে বলে দিচ্ছে ফতোয়া বৈধ, সে বিষয়টিকে ভয়াবহ মনে হচ্ছে। এ ধরনের প্রচারের ফলে রায়ের অপব্যবহারের আশঙ্কা বেড়ে যাচ্ছে।