শিক্ষিত সমাজে ধর্মান্ধতা ঢুকতে পারে না: আমু
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘অশিক্ষিত সমাজে ধর্মান্ধতা প্রবেশ করার সুযোগ থাকে। কিন্তু শিক্ষিত সমাজে ধর্মান্ধতা প্রবেশের সুযোগ থাকে না। শিক্ষিত সমাজ ধর্মপরায়ণ হয়। তারা জেনে-বুঝে ধর্ম পালন করে। আর অশিক্ষিতরা ধর্মের নামে বিপথগামী হয়। তাদের (অশিক্ষিত) দিয়ে জঙ্গিবাদ সৃষ্টি করা যায়। আমাদের সবাইকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে।’
আজ শুক্রবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেধাবৃত্তি প্রদান ও জাতীয় শিক্ষা সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিমল চক্রবর্তী, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মকবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান মো. সাইফুল্লাহ, শিক্ষার্থী সানজানা স্বপ্নিল প্রমুখ।
অনুষ্ঠান শেষে ২২৩ জন শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানকে পুরস্কার দেওয়া হয়।