শিকড় বাদে কোনো দেশেই উন্নত হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘পয়লা বৈশাখ এখন অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের অন্যতম উপাদান। এই দিনটিতে বিশেষ করে লোকজ সংস্কৃতির চর্চা হয়। এই চর্চা আমাদের শিকড়কে শক্তিশালী করবে।’
গতকাল শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন ও অ্যালামনাই মিলনমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফোকলোর বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
রাশেদ খান মেনন বলেন, নানা কারণে বর্তমানে লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি বিলুপ্তির পথে। দেশের ফোকলোর গবেষকদের দ্রুত এ বিষয়ে নজর দিতে হবে। তিনি আরও বলেন, পর্যটন ও লোকজ সংস্কৃতি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত। পর্যটন একটি দেশকে পরিচিত করে আর লোকজ সংস্কৃতি একটি দেশের শিকড়। শিকড় বােদ কোনো দেশই উন্নয়ন করতে পারে না।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহ্ম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, ঢাকার উত্তরা ইউনিভার্সিটির সহ-উপাচার্য ইয়াসমীন আরা, জাপানের লেখক ও লালন গবেষক নাওমি ওয়াতানাবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মোর্বরা সিদ্দিকা।
এর আগে সকাল ১০টায় বিভাগের সামনে থেকে অতিথি, নবীন-প্রবীণ শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।