শিকড়েই শেষ ঠাঁই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিকড়ের টানে বারবার গ্রামে ফিরে আসতেন মাহমুদুল হক মোল্লা (৪২)। টর্নেডো সেই গ্রামেই তাঁর শেষ ঠাঁই করে দিল। এখন তিনি শুয়ে আছেন গ্রামে নিজের বাড়ির পাশের কবরে। মাহমুদুলের পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার পাইকপাড়া গ্রামে। গত শুক্রবার টর্নেডোতে বিধ্বস্ত গ্রামগুলোর একটি তাঁর এই গ্রাম।শৈশবের পর গ্রামের বাড়িতে একটানা কখনো থাকা হয়নি মাহমুদুলের। কৈশোর কেটেছে ব্রাহ্মণবাড়িয়া শহরে। এরপর পড়াশোনা করেছেন ঢাকার নটর ডেম কলেজে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কর্মজীবন কেটেছে বিভিন্ন জায়গায়। সর্বশেষ ছিলেন আশুগঞ্জ সার কারখানায় বাণিজ্যিক ব্যবস্থাপকের দায়িত্বে।মাহমুদুলের ছোট ভাই আমিমুল এহসান জানান, তাঁদের চার ভাই ও তিন বোনের মধ্যে সবার বড় মাহমুদুল। গ্রামের প্রতি তাঁর টান ছিল অনেক। সুযোগ পেলেই গ্রামে ছুটে আসতেন। গ্রামে পাকা বাড়ি তৈরি করছিলেন। নির্মাণাধীন বাড়ি ও মসজিদের কাজ দেখার জন্য টর্নেডোর আগের দিন বৃহস্পতিবার গ্রামে আসেন তিনি। সঙ্গে এসেছিলেন তাঁর চাচাতো ভাই ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমদাদুল বারী (২৮)। টর্নেডোতে নিহত হন মাহমুদুল, এমদাদুল ও তাঁদের দূরসম্পর্কের আরেক ভাই।এমদাদুল বারীর বাবা বদরুল হক মোল্লা জানান, এমদাদ ও মাহমুদ একসঙ্গে আসরের নামাজ পড়েন। এরপর নির্মাণকাজ নিয়ে কথা বলতে দূরসম্পর্কের চাচাতো ভাই রাজমিস্ত্রি আজমলের (২৫) কাছে যান। আজমল কাজ করছিলেন পাইকপাড়ার লেবানন-প্রবাসী ইয়াছিন ভূঁইয়ার বাড়িতে। বৃহস্পতিবার ওই বাড়িতে ছাদঢালাই হয়। গ্রামে ঢুকতেই পড়ে বাড়িটি। টর্নেডোতে ধসে যায় পুরো বাড়িটি। আর উড়িয়ে নিয়ে যায় তিন ভাইকেই। পরে লাশ পাওয়া যায় অনেক দূরে।বদরুল হক বলেন, ‘বাড়িতে থাকলেই ছেলে তিনটা রক্ষা পেত। কারণ টর্নেডোতে আমাদের বাড়িতে ক্ষতি হয়নি।’গতকাল ধসে পড়া বাড়িটির ছাদ অপসারণের কাজ করছিল ফায়ার সার্ভিসের উদ্ধারকারী একটি দল। দলনেতা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক শাহাবুদ্দিন মজুমদার জানান, বাতাসে গন্ধ পাওয়া যাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে মৃতদেহ থাকতে পারে।বাড়ির মালিক ইয়াছিন জানান, ১৬ বছর প্রবাসে থেকে যা উপার্জন করেছেন, তার প্রায় সবটাই খরচ করেছিলেন বাড়িটি নির্মাণ করতে। পাশে তাঁদের পুরোনো বাড়িটিও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।টর্নেডোতে মারা যায় জারুলতলা গ্রামের মিজান মিয়ার ছেলে বাবু (১৪)। আহত হন তার বাবা, মা, ভাই, বোন এবং একই বাড়িতে থাকা চাচি ও চাচাতো চার ভাইবোন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বাবুর লাশ দাফন করে গ্রামবাসী। কিন্তু বাবা-মা ও ভাইবোনেরা হাসপাতালে থাকায় শেষবারের মতো দেখতে পারেননি স্বজনের মুখ।গতকাল জারুলতলা গ্রামে মিজান মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, কয়েক দিন আগের সাজানো বাড়িটি যেন একটি খেলার মাঠ। টর্নেডো সব মিশিয়ে দিয়ে গেছে মাটির সঙ্গে। জারুলতলা গ্রামের কলফুন্নেসা ছেলে আবদুর রহমানকে (৩৮) হারিয়েছেন। টর্নেডোর কয়েক মিনিট আগে তিনি গিয়েছিলেন আরেক ছেলে জহিরের দোকানে একটি কোদাল পৌঁছে দিতে। তাই বেঁচে যান তিনি। চানাচুরবিক্রেতা আবদুর রহমানের লাশ পাওয়া যায় বাড়ির পাশের ঢালুতে গাছের ডালে ঝুলন্ত অবস্থায়।