শিকড়ের টানে ঘরমুখী মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

ঈদ লগ্নের আগ মুহূর্তে গুলশানে হামলা। কিছুটা হলেও মানুষের ঈদ আনন্দে ছেদ পড়েছে। কিন্তু জীবন যেহেতু থেমে থাকে না, তাই আগে থেকে করা পরিকল্পনা অনুসারেই মানুষ যাচ্ছে শিকড়ের টানে। গতকাল সোমবার রেল, বাস ও লঞ্চস্টেশনে গিয়ে ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে।
বিভিন্ন বাস কাউন্টারে সকালে কম ভিড় দেখা যায়। তবে রাতে যাত্রীদের চাপ ছিল তীব্র। গতকাল কিছু ট্রেন বিলম্বে ছাড়ে। ট্রেনে
ভিড় ছিল, তবে তা উপচে পড়া বলা যায় না।
লঞ্চও ছাড়ে নির্ধারিত সময়ে। তবে অধিকাংশ লঞ্চ নিয়ম উপেক্ষা করে ছাদে অধিক যাত্রী ও মালামাল বহন করে। পন্টুন এলাকায় হকারদের উৎপাত ছিলই।
কমলাপুর: সকালে গিয়ে জানা গেল, এবার বেশির ভাগ ট্রেন চলছে সময় মেনে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী উপপরিদর্শক নাসিরউদ্দিন বললেন, ছাদে ওঠা সম্পূর্ণ নিষেধ। এটা আইনত অপরাধ ও অনিরাপদ। সকাল ছয়টা থেকে দায়িত্ব পালন করা হচ্ছে, যাতে কেউ ছাদে না ওঠে।
স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, অন্যবারের তুলনায় এবার যাত্রীর চাপ কিছুটা কম। এ জন্য ছাদে ভ্রমণও কমে গেছে। অতিরিক্ত লোকের চাপ থাকলে ট্রেন ছাড়তে দেরি হয়। এবার সবাই এসেই ট্রেন পাচ্ছে। সকালে সড়কে ভিআইপি চলাচল ছিল বলে কয়েকটি ট্রেন ছাড়তে দেরি হয়েছে।
গতকাল ইফতারের আগ পর্যন্ত কমলাপুর রেলস্টেশন থেকে ৩৬টি ট্রেন ছেড়ে যায়। এর মধ্যে ঢাকা-রাজশাহী পথের সিল্কসিটি ৩ ঘণ্টা ২০ মিনিট দেরিতে যায়। ওই ট্রেনটি রাজশাহী থেকে আসতেই দেরি করে। রাজশাহী পথের ধূমকেতু ট্রেন গেছে প্রায় দুই ঘণ্টা দেরিতে। ঢাকা-খুলনা পথের সুন্দরবন চলেছে ১ ঘণ্টা ১০ মিনিট দেরিতে। রেলের কর্মকর্তারা বলেন, সুন্দরবন ট্রেনটি পথে প্রচুর স্টেশনে থামে। এ জন্য এই ট্রেনটি সময় মেনে চালানো কঠিন। সকালে আর্মি স্টেডিয়ামে কর্মসূচিতে প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি লোকজন অংশ নেন। রেললাইনের ওপরের উড়াল সেতু দিয়ে ভিভিআইপি পারাপারের আগে-পরে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এ জন্য একতা ট্রেনটি ৪০ মিনিট দেরিতে যায়। রেলের কর্মকর্তারা জানিয়েছেন, আরও কিছু ট্রেন ১০ থেকে ২৫ মিনিট পর্যন্ত দেরিতে ছেড়েছে।
কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রী লিজা ও ফাহাদ। বিয়ের পর এবারই প্রথম বাড়িতে যাচ্ছেন। লিজা বলেন, নতুন আত্মীয়দের সঙ্গে ঈদ করতে তাঁর অনেক ভালো লাগবে। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে শঙ্কার কথা টেনে ফাহাদ বললেন, ‘ঈদটা সব সময় দেশেই করা হয়। দাদা-দাদি, আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাতে কার না ভালো লাগে। আনন্দ লাগছে আবার একটু শঙ্কাও লাগছে।’
কবে বাড়ি যাবেন? এমন প্রশ্নে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের প্রধান চালক (লোকোমোটিভ মাস্টার, গ্রেড-১) মো. আলী হোসেন বলেন, ‘ছুটি নাই। সুযোগ পাইলে যাব। পরিবার টাঙ্গাইলে। চাকরি মানে মানুষের সেবা করা। সবাইকে বাড়ি পৌঁছে দিচ্ছি, এতেই আমার ঈদ আনন্দ।’
বাসের চিত্র: সকাল সাড়ে নয়টায় পশ্চিম পান্থপথের ‘ঈগল’ বাস কাউন্টারে গিয়ে দেখা যায় দুজন কর্মী সংবাদপত্র পড়ছেন, অন্য একজন সোফায় ঘুমাচ্ছেন। কাউন্টারে কোনো যাত্রী নেই। রাস্তার ঠিক বিপরীত পাশে ‘গ্রীন লাইন’ বাস কাউন্টারেও একই দৃশ্য, যাত্রী নেই। কাউন্টারে থাকা দুই কর্মী জানালেন, বিভিন্ন রুটে তাদের বাস ঠিক সময়মতো যাচ্ছে।
সকাল ১০টায় কল্যাণপুর কাউন্টারে গিয়ে কিছুটা ভিড় চোখে পড়ে। শ্যামলী ও এসআর ট্রাভেলসের কাউন্টারে ভিড়। শ্যামলী কর্তৃপক্ষ ফুটপাতে শামিয়ানা টানিয়ে যাত্রীদের বসার ব্যবস্থা করেছে। একই কাজ করেছে এসআর ট্রাভেলস কর্তৃপক্ষও। এই দুই কাউন্টারের অপেক্ষমাণ যাত্রীরা অভিযোগ করলেন, তাঁদের বাস আসছে না। কখন আসবে, তা নির্দিষ্ট করে জানাচ্ছেন না কাউন্টারের লোকজন। দুই কাউন্টার থেকে এই প্রতিবেদককে বলা হয়, সামান্য বিলম্ব।
দুই বছরের শিশুকে কোলে নিয়ে শ্যামলী কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন মাজহারুল ইসলাম। তাঁর বাস ১০টার সময় ছাড়ার কথা ছিল। সাড়ে ১০টায়ও বাস এসে পৌঁছায়নি।
কথা হয় অস্ট্রেলিয়াপ্রবাসী সুবীর চৌধুরীর সঙ্গে। হানিফ কোম্পানির এসি বাসে চড়ে স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে যাচ্ছেন রংপুরের শটিবাড়ি। বাস ছাড়ার কথা ছিল ১০টায়, ছাড়বে সাড়ে ১০টায়। সুবীর প্রথম আলোকে বলেন, ‘ঈদের বাজারে আধা ঘণ্টা লেট কোনো ব্যাপারই না।’
গাবতলীতে বিশেষ ক্যাম্প করেছে পুলিশ ও র্যা ব। এ ছাড়া আছে বিআরটিএ, পুলিশ, সিটি করপোরেশন ও বাস শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ‘ভিজিল্যান্স টিম’।
ঠিক ১২টায় ‘তিশা স্পেশাল’ নামে একটি বাস রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেল। বাসের ছাদে যাত্রী। ‘ছাদে চড়ে রাজশাহীর ভাড়া কত?’ চালকের সহকারীর উত্তর, ‘দুই শ’।
রাত আটটায় গাবতলী টার্মিনালে আবার গিয়ে দেখা গেল, যাত্রী বিশ্রামাগারে পা ফেলার জায়গা নেই। শতাধিক নারী বাক্সপেটরা নিয়ে মেঝেতে বসে আছেন। তাঁদের অনেকের অভিযোগ টিকিটের দাম নিয়ে। সাতক্ষীরাগামী এক ব্যক্তি স্ত্রী ও ছেলেকে নিয়ে সিঁড়িতে বসেছিলেন। তিনি বললেন, দুটো টিকিট কিনতে হচ্ছে ১৪০০ টাকায়। অন্য সময় প্রতিটা টিকিট ৩০০ টাকা।
লঞ্চের চিত্র: গতকাল দুপুরে সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা গেছে, দক্ষিণাঞ্চলের ৪১টি রুটের বেশির ভাগ লঞ্চের ছাদে যাত্রী উঠে বসে আছে। কয়েকটি লঞ্চ ছাদে অতিরিক্ত যাত্রী ও মালামাল নিয়ে সদরঘাট ছেড়ে যায়।
গতকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে যাত্রীবাহী লঞ্চ এসেছে ৮৩টি। নির্ধারিত সময়ের আগেই ছেড়ে গেছে ৫৯টি।
পাতাবুনিয়াগামী ইয়াদ-১ লঞ্চের যাত্রী আবদুল আজিজ জানান, ‘সদরঘাট টার্মিনালটি প্রশস্ত করায় আমরা স্বাচ্ছন্দ্যে নিজ নিজ গন্তব্যে লঞ্চে উঠতে পারছি। তবে টার্মিনাল ও পন্টুন এলাকায় হকারদের উৎপাত রয়েই গেছে। টার্মিনাল থেকে হকারদের উচ্ছেদ করা উচিত।’
রুট পারমিট বাতিল: বিআইডব্লিউটিসির স্টিমার পিএস মাহসুদ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় এমভি সুরভি-৭ লঞ্চের রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ ছাড়া লঞ্চটির সার্ভে রেজিস্ট্রেশন বাতিল করেছে নৌপরিবহন অধিদপ্তর। গতকাল সকালে বরিশালের কীর্তনখোলা নদীতে সুরভি-৭ লঞ্চের সঙ্গে বরিশালগামী পিএস মাহসুদ স্টিমারের সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন শিশির মোড়ল, আহমেদ দীপ্ত ও ইকবাল হোসেন)