শিখতে হবে অন্য ভাষাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ আদতে ভাষার জগতে বাস করে। ভাষাই নিয়ন্ত্রণ করে মানুষের সবকিছু। সমগ্র মানবসভ্যতায় ভাষার এই সর্বজনীন প্রভাব বিবেচনায় তাই শুদ্ধভাবে ও সঠিক গঠন রীতি মেনে ভাষাশিক্ষার গুরুত্ব অপরিসীম। এ ক্ষেত্রে মাতৃভাষার পাশাপাশি বিদ্যমান বৈশ্বিক প্রেক্ষাপটে পৃথিবীর প্রধান প্রধান ভাষা শেখার ওপর সমানভাবে জোর দিতে হবে।
গতকাল শনিবার রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে প্রথম আলো-জেএলআরসি ভাষা উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। যোসেফাইট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিডিং ক্লাবের (জেএলআরসি) আয়োজনে শুক্রবার থেকে শুরু হওয়া এই উৎসবে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষার্থী বাংলা ও ইংরেজি ভাষা প্রতিযোগ, তাৎক্ষণিক গল্প লেখা, আবৃত্তি, শব্দ তৈরির খেলা, ভাষা-বিষয়ক কুইজ, হাতের লেখা প্রতিযোগিতা, ডিজিটাল প্রেজেন্টেশনসহ নানা আয়োজনে অংশ নেয়। প্রথম আলো ছিল উৎসবের টাইটেল স্পনসর।
সমাপনী অনুষ্ঠানে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন বলেন, যদি একটি প্রদীপ আরেকটি প্রদীপকে জ্বলতে সাহায্য করে, তবে সে কিছুই হারায় না। তেমনি এই উৎসবে অংশগ্রহণকারীদের কাছ থেকে যদি অন্যেরা কিছু শিখতে পারে, সেখানেই এর সার্থকতা। অনুষ্ঠানের অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মাশরুর শহীদ হোসেন ভাষা শিক্ষায় পাঠের গুরুত্ব বোঝাতে বলেন, লেখক যেটা লেখেন সেটা তাঁর নিজস্ব সম্পদ। কিন্তু পাঠকের কাছে সেটা দ্বিতীয়বার লিখিত হয়। এখানেই চলে আসে যার যার উপলব্ধির প্রশ্ন।
ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একমাত্র দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ও ভাষার প্রতি মমত্ববোধের বিষয়টি তুলে ধরে প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর বলেন, ভাষা বলার মধ্যে থাকে না, লেখার মধ্যেও থাকে না। থাকে অনুভবের মধ্যে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সেন্ট যোসেফের উপাধ্যক্ষ ব্রাদার মন্ত্রজয় ত্রিপুরা, জেএলআরসির চিফ মডারেটর উত্তম হালদার এবং সভাপতি হাসিবুল হাসান ও ইরতিজা ইরাম।
এবারের ভাষা উৎসবটি ছিল জেএলআরসির ১৩তম আয়োজন। সমাপনী অনুষ্ঠানে মোট ২২০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।