শিখন স্কুলের ২৬ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে
নাটোরের গুরুদাসপুরে শিখন কর্মসূচি (ভার্ক) স্কুলের ২৬ ছাত্রী আজ সোমবার সকালে অচেতন হয়ে পড়ে। গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়নের হাজীবাজার কেন্দ্রে এই ঘটনাটি ঘটে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনন্দমোহন মণ্ডল বলেন, নাইট্রোজেন মনোঅক্সিজেনের কারণে ছাত্রীরা অচেতন হয়ে পড়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত।
হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন ছাত্রী বলে, ইংরেজির ক্লাস শেষ হওয়ার পর জানালা দিয়ে একটি দুর্গন্ধ আসে। মুহূর্তের মধ্যে দম বন্ধ হয়ে যায়। বুক জ্বালাপোড়া করে ও বমি হয়। পরে অচেতন হয়ে পড়ে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন আনন্দমোহন মণ্ডল, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম ও ধারাবারিষা ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক কল্পনা রানী কুন্ডু। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, কার্যত একটি ভাড়া বাসায় স্কুলটির কার্যক্রম চলছে। স্কুলটির চারপাশে বাঁশঝাড়, বাসাবাড়ি ও শৌচাগার রয়েছে। পরিবেশ বেশ অস্বাস্থ্যকর। শৌচাগার থেকে নাইট্রোজেন মনোঅক্সিজেন গ্যাস ঢুকে পড়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে।
তবে শিখন কর্মসূচি (ভার্ক) স্কুলের ফিল্ড কো-অর্ডিনেটর আবদুল আলীম বলেন, স্কুলটির পরিবেশ অনুকূলে আছে।
ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন বলেন, একসঙ্গে এত ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই পরিবেশে স্কুলের কার্যক্রম না চালানোর জন্য তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন।