শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে গতকাল পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ছবি: বাসস
ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে গতকাল পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। খবর বাসসের। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহীদ সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর শেখ হাসিনাকে আন্তঃবাহিনী গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে এসে পৌঁছালে তাঁকে নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে ঢাকা, মিরপুর ও পোস্তগোলা এলাকায় কর্মরত কর্নেল-সমপদবি এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে শেখ হাসিনা ঢাকা সেনানিবাসে তাঁর কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে এসে পৌঁছালে এ বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তাঁকে অভ্যর্থনা জানান। এরপর সশস্ত্র বাহিনী বিভাগে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন।