শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
শিখা অনির্বাণে এসে পৌঁছালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তাঁকে অভ্যর্থনা জানান।
এরপর তাঁকে আন্তবাহিনী গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
পরে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে তাঁর কার্যালয়ে অফিস করেন। সেখানে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন।