শিখা চিরন্তনে সেই কালরাত স্মরণ
সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনের মঞ্চ আলোয় উদ্ভাসিত। গতকাল ২৫ মার্চ রাত সাড়ে ১১টা থেকে সেখানে শুরু হয় সেক্টর কমান্ডারস ফোরামের বিশেষ আয়োজন কালরাত্রি-৭১। বাঙালির সংগ্রামের ইতিহাসের ধারা বর্ণনার ফাঁকে ফাঁকে ছিল গান। ঠিক ১১টা ৫৯ মিনিটে স্তব্ধ হলো মঞ্চ, নিভিয়ে দেওয়া হলো সব আলো। গোটা উদ্যান ডুবে গেল অন্ধকারে। এই অন্ধকার একাত্তরের ২৫ মার্চের শোকাবহ কালরাত্রির স্মরণে প্রতীকী অন্ধকার। পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামসদের ঘৃণা ও ধিক্কার জানানোর জন্য এ আয়োজন।আলো জ্বলল এক মিনিট পর। অন্ধকার জয় করে ২৬ মার্চের প্রথম প্রহরে স্মরণ করা হলো স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নতুন প্রত্যয়ে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সোচ্চার নতুন প্রজন্মের হাতে আলোর মশাল তুলে দেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও মুক্তিযোদ্ধারা। নেপথ্যে তখন পরিবেশিত হচ্ছিল ‘দাম দিয়ে কিনেছি বাংলা/ কারো দানে পাওয়া নয়...।’ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকার বলেন, ‘অতি দ্রুত যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া শুরু হবে। তাদের আইনগতভাবে যথাযথ শাস্তি দেওয়ার মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হবে।’অনুষ্ঠানে সেক্টর কমান্ডারদের মধ্যে কে এম সফিউল্লাহ, সি আর দত্ত, আবু ওসমান চৌধুরীসহ মুক্তিযোদ্ধা ম হামিদ, সারওয়ার আলী, সৈয়দ রেজাউল হায়াত, সৈয়দ সদরুজ্জামান, মমতাজ বেগম, অজয় রায়, ইসমাইল হোসেন, নূরুল আলম নতুন প্রজন্মের হাতে আলোর মশাল তুলে দেন। জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণাকেন্দ্রের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।