শিখা চিরন্তনে ‘কালরাত’ স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধকার থেকে আলোর পথে ফেরা এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের পতাকা হস্তান্তরের মাধ্যমে ‘কালরাত’ স্মরণ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম। ১৯৭১ সালের ২৫ মার্চ স্মরণে গতকাল রোববার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন বেদিতে এই অনুষ্ঠান হয়। ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত ও নিরস্ত্র মানুষের ওপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে যে গণহত্যা শুরু করে, তা বিশ্বে নজিরবিহীন। নির্বিচার সেই গণহত্যার উদ্দেশ্য ছিল বাঙালির স্বাধিকার আন্দোলন স্তব্ধ করা এবং বাঙালির জাতিসত্তাকে নিশ্চিহ্ন করা। সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা জানিয়েছেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকারদের প্রতি ঘৃণা জানানোর জন্যই কালরাত পালন করা হচ্ছে। এ ছাড়া অন্ধকার থেকে আলোর পথে ফেরার মাধ্যমে স্মরণ করা হয় ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনার মুহূর্তটিও।রাত ১১টার পরপরই ‘স্বাধীন স্বাধীন/দিকে দিকে/ জাগছে বাঙালিরা/ আজ রুখবে তাদের কারা?’ এই গানটি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শোনানো হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। কবিতা আবৃত্তি, গান, নৃত্য আর বড় পর্দায় প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ২৫ মার্চের বর্বরতা। একই সঙ্গে ফুটে ওঠে বাঙালির স্বাধীনতাযুদ্ধ ও চূড়ান্ত বিজয়ের মুহূর্তটি। রাত ১১টা ৫৭ মিনিট পর্যন্ত চলে এই অনুষ্ঠান। এরপর মঞ্চে আসেন সাবেক দুই সেনাপ্রধান কে এম সফিউল্লাহ ও হারুন-অর-রশিদসহ সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা। কে এম সফিউল্লাহ এ সময় বলেন, ‘২৫ মার্চের সেই ভয়াল রাতের স্মরণে আমরা আজ এখানে হাজির হয়েছি। আমরা এখন “কালরাত” স্মরণে ১১টা ৫৯ মিনিট থেকে পরবর্তী এক মিনিট অন্ধকারে ফিরে যাব। আমি সারা দেশের সব মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা বাসাবাড়িসহ সব জায়গায় সব ধরনের আলো নিভিয়ে ফেলুন। রাত ১২টায় স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে আমরা মোমবাতি প্রজ্বালন করে এবং তা নতুন প্রজন্মের কাছে হস্তান্তরের মাধ্যমে অন্ধকার থেকে আলোতে ফিরব।’ এই ঘোষণার পরপরই নিভে যায় সোহরাওয়ার্দী উদ্যানের সব আলো। এক মিনিট পর মশাল ও মোমবাতির আলো প্রজ্বালনের মাধ্যমে ফিরে আসা হয় আলো থেকে অন্ধকারে। এরপর মুক্তিযোদ্ধাদের হাতে জাতীয় পতাকা তুলে দেন সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা। এরপর বেজে ওঠে জাতীয় সংগীত। এর মাধ্যমেই শেষ হয় অনুষ্ঠান। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। ফলে দেশের বিভিন্ন স্থানেও রাত ১১টা ৫৯ মিনিট থেকে এক মিনিট অন্ধকারে থাকা এবং পরে আলোতে ফেরার কর্মসূচি পালিত হয়।