শিগগির অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের লেখক-ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার অভিযোগপত্র আদালতে শিগগির দাখিল করা হবে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত শুক্রবার রাত নয়টায় সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গত ১২ মে সকালে কর্মস্থলে যেতে বাসা থেকে বের হলে নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তা মোড়ে দুর্বৃত্তরা অনন্তকে কুপিয়ে হত্যা করে। অনন্ত বিজ্ঞান বিষয়ে লেখালেখি করতেন। তাঁকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে খুন করেছে—এমন অভিযোগ এনে অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চার দুর্বৃত্তকে আসামি করে হত্যা মামলা করেন।
২৫ মে মামলাটির তদন্তভার সিআইডিতে স্থানান্তর করা হয়। ঘটনার ২৭ দিনের মাথায় দৈনিক সংবাদ ও স্থানীয় দৈনিক সবুজ সিলেট-এর ফটোসাংবাদিক ইদ্রিস আলীকে ‘সন্দিগ্ধ’ হিসেবে গ্রেপ্তার করে সিআইডি। তাঁকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ইদ্রিস বর্তমানে কারাবন্দী আছেন।
ঘটনার প্রায় সাড়ে তিন মাসের মাথায় গত শুক্রবার ভোরে গ্রেপ্তার হন সন্দেহভাজন আরও দুজন। সিলেটের কানাইঘাট উপজেলার পূর্ব পালজুর গ্রাম থেকে মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহী (২৪) ও মোহাইমিন নোমান ওরফে এ নোমান (২২) নামের দুই ভাইকে গ্রেপ্তার করে সিআইডি।
দুই ভাইকে ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার বিষয়টি সংবাদ সম্মেলনে উল্লেখ করে বলা হয়, মান্নান রাহীর বিভিন্ন নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক আইডি রয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হলেও রাহী অজ্ঞাত কারণে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনুপস্থিত ছিলেন। তাঁর ভাই নোমান কানাইঘাটের একটি মাদ্রাসার সাবেক শিক্ষার্থী।
অনন্ত হত্যা মামলার তদারক কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহ হেল বাকী বলেন, এ ঘটনায় সর্বশেষ দুজন গ্রেপ্তার হওয়ায় তদন্তে গতি এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার আরও পাঁচজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছে। খুব শিগগির অভিযোগপত্র দাখিল করা হবে।