শিগগির গ্যাসের সংকট মিটছে না
গ্যাসের ব্যবহার বৃদ্ধির কারণে চাপ কম থাকায় যে সংকট চলছে তা খুব শিগগির মিটছে না। সমস্যা সমাধানের উপায় খোঁজার জন্য গতকাল বৃহস্পতিবার পেট্রোবাংলা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাতে কোনো সমঝোতা হয়নি। বৈঠকসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বর্তমানে গ্যাস-সংকট নিরসন করতে হলে বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের ব্যবহার কমাতে হবে। বিদ্যুৎকেন্দ্র এবং সার কারখানায় একই সঙ্গে চাহিদামতো গ্যাস সরবরাহ করে সমস্যা মেটানো যাবে না। সেজন্য বৈঠকে পেট্রোবাংলার পক্ষ থেকে বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের ব্যবহার কিছুটা কমানোর জন্য পিডিবিকে অনুরোধ করা হয়। কিন্তু পিডিবি তাতে রাজি হয়নি।
পিডিবির একজন কর্মকর্তা জানান, বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের ব্যবহার কমানো হলে লোডশেডিং বাড়বে। সেই দায় তাঁরা নিতে চান না। তাই পেট্রোবাংলার অনুরোধের বিষয়ে তাঁরা মন্ত্রণালয়ের মতামত নেবেন। মন্ত্রণালয়ের মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। কয়েক দিনের গ্যাসের উৎপাদন ও বিভিন্ন খাতে সরবরাহের হিসাবে দেখা যায়, জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ উৎপাদনে এখনো ৯২ থেকে ৯৫ কোটি ঘনফুট গ্যাস দেওয়া হচ্ছে। এ ছাড়া ননগ্রিড (বিভিন্ন শিল্পকারখানায় নিজস্ব ব্যবহারের জন্য উৎপাদিত বা ক্যাপটিভ পাওয়ার) বিদ্যুৎ উৎপাদনেও গ্যাস দেওয়া হচ্ছে প্রতিদিন ছয়-সাত কোটি ঘনফুট।
সার উৎপাদনে দেওয়া হচ্ছে প্রতিদিন ১৭-১৮ কোটি ঘনফুট। অন্যান্য খাতে দেওয়া হচ্ছে প্রায় ১১৫ কোটি ঘনফুট।
সূত্র জানায়, গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য নতুন নতুন কূপ খননের কাজ চলছে। পাইপলাইনে গ্যাসের চাপ বাড়াতে দুটি কমেপ্রসর (একটি আশুগঞ্জে, অন্যটি এলেঙ্গায়) স্থাপনের কাজও শেষের দিকে।