শিগগির ঢাকা সিটির নির্বাচন সম্ভব নয়: মোবারক
সীমানা জটিলতার নিষ্পত্তি না হওয়ায় শিগগির ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক। আজ বুধবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ দেশের বাইরে থাকায় আবদুল মোবারক বর্তমানের ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব পালন করছেন।
আবদুল মোবারক বলেন, সীমানা জটিলতার বিষয়টি দীর্ঘদিন ঝুলে থাকার কারণে নিকট সময়ের মধ্যে ঢাকা সিটিতে নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্ভাবনা নেই।
আবদুল মোবারক বলেন, ‘প্রথম ধাপের উপজেলা নির্বাচনের চেয়ে দ্বিতীয় ধাপের নির্বাচনে সহিংসতা অনেক বেশি হয়েছে, বিষয়টি সত্য। তবে আমরা সাধ্যমতো চেষ্টা করব, যেন এ ধরনের সহিংসতা আর না হয়। সামনের ধাপের নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও জোরদার করা হবে।’
ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে ভাগ করার পর দুই সিটির পাশের দু-একটি ইউনিয়নের কিছু অংশ সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হওয়ায় সীমানা জটিলতা দেখা দেয়। নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে তাগিদ দেওয়া হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এ জটিলতার সুরাহা করেনি। যে কারণে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করছে না।