শিগগির ধরা পড়বেন জঙ্গি মুসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানের আগে পালিয়ে যাওয়া জঙ্গি মুসা শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়বেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। গতকাল রোববার রমনা ক্যাথেড্রাল চার্চের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

পুলিশের সফল অভিযানের কারণে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে দাবি করে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি সফল অভিযানের মধ্য দিয়ে জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। জঙ্গিদের অর্থদাতা, উৎসাহদাতা ও সমর্থনদাতা সবাইকে নজরদারিতে রেখেছি।’ তিনি বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। এটা কারও একার সমস্যা নয়। গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ঘটনা সবাইকে থমকে দিয়েছিল। এ সময় জঙ্গি দমনে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট অত্যন্ত সফল কার্যক্রম শুরু করে এবং বেশ কয়েকটি অভিযান সফলভাবে সম্পন্ন করেছে।

বড়দিনের নিরাপত্তা সম্পর্কে আছাদুজ্জামান মিয়া বলেন, সারা বিশ্বের মতো রাজধানীতেও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ৬২টি চার্চে বড়দিনের উৎসব পালিত হচ্ছে।