শিগগির বেসরকারি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন ফের চালু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি হাস-পাতালের মাধ্যমে শিগগির কিডনি প্রতিস্থাপন আবার চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে তহুরা আলীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী জানান, মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন, ১৯৯৯-এর প্রবিধানের খসড়া তৈরির কাজ চলছে। সে জন্য বেসরকারি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে।এম এ জব্বারের প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনায় মাঝেমধ্যে কুচক্রী মহল স্বীয় স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে ভুয়া লাইসেন্স দিয়ে বিদেশি জাহাজে চাকরির নামে মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। এ জন্য নাবিক রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল/স্থগিত করা হয়েছে। এজেন্টদের কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানোর লক্ষ্যে নাবিক ও প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরের পরিচালককে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।জাফরুল ইসলাম চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, আদালতের আদেশে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদের তীরভূমির দখলদারদের একটি তালিকা তৈরি করা হয়েছে। বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদের তীরভূমি ও ফোরশোরে প্রায় চার হাজার ২১টি অবৈধ দখল ও স্থাপনা রয়েছে। এর মধ্যে ৯২৯টি অবৈধ দখল উচ্ছেদ করা সম্ভব হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বন্দরের ৭০ একর এবং মংলা বন্দরের দুই হাজার ৬৮ একর জমি অবৈধ দখলে আছে। অন্যান্য নদীবন্দরের অবৈধ দখলদারদের বিরুদ্ধে স্থানীয় জেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।সাকা নয়, সালাউদ্দিন: বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে সাকা চৌধুরী না বলার আহ্বান জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ। প্রশ্নোত্তর পর্বে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সম্পূরক প্রশ্নে নৌমন্ত্রীর কাছে জানতে চান, চট্টগ্রাম সমুদ্রবন্দর এলাকায় সাকা চৌধুরী অনেক জমি দখল করে রেখেছেন। এসব জমি উদ্ধার করা হয়েছে কি না? জবাবে নৌমন্ত্রী জানান, ওই জমি উদ্ধার করা হয়েছে। এ সময় তিনি একাধিকবার ‘সাকা চৌধুরী’ উল্লেখ করেন। তখন স্পিকার বলেন, ‘মাননীয় মন্ত্রী, সাকা চৌধুরী নামে সংসদে কেউ নেই। উনার নাম সালাউদ্দিন কাদের চৌধুরী।’