শিগগির মোরশেদ খানের বিরুদ্ধে অভিযোগপত্র
বিদেশে প্রায় ৩২২ কোটি টাকা পাচারের মামলায় শিগগিরই সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে। গতকাল মঙ্গলবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান মো. বদিউজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে সকালে মোরশেদ খান ও তাঁর ছেলে ফয়সাল মোরশেদ খানকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা মীর জয়নাল আবেদীন শিবলী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. বদিউজ্জামান বলেন, ‘মানি লন্ডারিং আইনে রমনা থানায় গত বছরের ৩১ ডিসেম্বর মোরশেদ খান, তাঁর স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। তদন্তও প্রায় শেষ। তদন্ত পর্যায়ে মোরশেদ খানকেও জিজ্ঞাসাবাদ করা হলো। দ্রুতই এ মামলার চার্জশিট দাখিল করা হবে।’
জিজ্ঞাসাবাদ শেষে বিএনপির নেতা মোরশেদ খান বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা জানাতেই দুদকে এসেছি।’
মান্নানের জামিন বাতিলের আবেদন করবে দুদক: সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের জামিন বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করবেন বলেও জানান দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান। তিনি বলেন, ‘ঢাকা মহানগর হাকিম আদালত থেকে মান্নান খান জামিন নিয়েছেন। আমরা উচ্চ আদালতে তাঁর জামিন বাতিলের জন্য আপিল করব। এ নিয়ে কমিশনে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে বলাও হয়েছে।’
গত বৃহস্পতিবার অবৈধ সম্পদের অভিযোগে মান্নান খানের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। পরে রোববার সকালে ঢাকা মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মান্নান খান। শুনানি শেষে আদালত ১৩ অক্টোবর পর্যন্ত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।