শিগগির রহস্য উন্মোচনের আশা পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দু-এক দিনের মধ্যেই নারায়ণগঞ্জ শহরের পাঁচ খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা যাবে বলে আশা করছে মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ মামলায় রিমান্ডে থাকা আসামি নিহত তাসলিমার স্বামী মামলার বাদী শফিকুল ইসলামের ভাগনে মাহফুজ গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন বলে জানা গেছে। তাঁর দেওয়া তথ্য যাচাই-বাছাই করছে মামলার তদন্তকারী সংস্থা।
অপরদিকে জিজ্ঞাসাবাদে তাসলিমার পাওনাদার নাজমা বেগমের কাছ থেকেও বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, পাঁচ খুনের মামলায় মাহফুজ ও ঢাকার কলাবাগান এলাকার নাজমা বেগমকে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে নিহত তাসলিমার স্বামী মামলার বাদী শফিকুল ইসলামের ভাগনে মাহফুজ মামলার তদন্তকাজে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। তাঁর দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মোখলেছুর রহমান বলেন, ‘মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে অনেক কিছু প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আমরা আশা করছি, দু-এক দিনের মধ্যে ভালো কিছু জানাতে পারব।’
এ বিষয়ে জেলা পুলিশ সুপার খন্দকার মহিদউদ্দিন বলেন, ‘আমরা মামলার তদন্তের খুব কাছাকাছি চলে এসেছি। খুব শিগগিরই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে খুনিদের চিহ্নিত করা সম্ভব হবে।’