শিগগির রূপরেখা দেবে বিএনপি: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি অতি অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের রূপরেখা জাতির কাছে উপস্থাপন করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল সোমবার বিএনপির সংসদীয় ককাসের এক সেমিনারে মির্জা ফখরুল এ কথা বলেন।
সংসদ ভবনের মেম্বারস ক্লাবে অনুষ্ঠিত ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক/ অন্তর্বর্তীকালীন সরকার এবং দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি ককাসের পক্ষ থেকে নির্দলীয় অন্তর্বর্তী সরকারের একটি রূপরেখা সুপারিশ করেন। এতে বলা হয়, নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে কাজ করবেন একজন প্রধান উপদেষ্টা। তাঁর সরকারের সদস্যসংখ্যা হবে ১৫ জন, মেয়াদ হবে ৯০ দিন।
সেমিনারের প্রধান অতিথি মির্জা ফখরুল বলেন, এই রূপরেখা বিএনপির সংসদীয় ককাসের, বিএনপির নয়। ককাস এই রূপরেখা দিলে তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা হবে।
বিএনপির সংসদীয় ককাসের রূপরেখায় বলা হয়েছে, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও সংসদের স্পিকারের মধ্য থেকে অথবা ঐকমত্যের ভিত্তিতে পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি বা বিশিষ্ট কোনো নাগরিক বা শিক্ষাবিদকে প্রধান উপদেষ্টা মনোনীত করা যেতে পারে। ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদে থাকবেন বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি চাকরিজীবী, বিশিষ্ট আইনজীবী, সাংবাদিক ও ব্যবসায়ী। তাঁরা ৯০ দিনের মধ্যে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করবেন। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন।
জয়নুল আবদিনের সভাপতিত্বে সেমিনারে প্রমোটিং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অ্যান্ড প্র্যাকটিসেস-এর উপপ্রধান নিভ ও’কনার, বিএনপির সাংসদ জয়নাল আবদিন (ভিপি জয়নাল), হাফিজুর রহমান, হারুন অর রশীদ, রুমানা মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।