শিগগির শুরু হচ্ছে পুরোদমে উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া পাথরখনিতে গতকাল শনিবার থেকে তৃতীয় খনিমুখ চালুর মধ্য দিয়ে খনির উন্নয়ন ত্বরান্বিত করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।

মধ্যপাড়া পাথরখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাহমুদ খান বলেন, তৃতীয় খনিমুখ চালু করার কাজে আমদানি করা আধুনিক যন্ত্রপাতি বসানোর ফলে দ্রুতগতিতে উন্নয়নকাজ শেষ হবে। ভূগর্ভের উন্নয়নকাজ শেষে এপ্রিলে পুরোদমে পাথর উত্তোলন শুরু হবে এবং তা ধারাবাহিকভাবে চলবে। এতে খনির উৎপাদনও বহুগুণ বেড়ে যাবে।

জিটিসি সূত্রে জানা গেছে, পাথরখনির ভূগর্ভে আধুনিক ও বিশ্বমানের যন্ত্রপাতি আমদানির পর তা স্থাপন করে খনির ভূগর্ভে নতুন স্টোপ (পাথর উৎপাদন ইউনিট) নির্মাণসহ শিগগির পাথর উত্তোলন শুরুর লক্ষ্যে তৃতীয় খনিমুখ চালু করেছে জিটিসি। এখানে কর্মরত বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ খনিশ্রমিকদের মাধ্যমে তিন পালায় (শিফট) স্টোপ উন্নয়নকাজ করে ভবিষ্যতে যাতে তিন পালায় পাথর উত্তোলন করা সম্ভব হয় সেই লক্ষ্যে কাজ করছে জিটিসি। পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হলে পর্যায়ক্রমে সব শ্রমিক কাজে যোগদান করবেন।