শিগগিরই অন্তর্বর্তী সরকারের রূপরেখা দেবে বিএনপি: ফখরুল

প্রধান বিরোধী দল বিএনপি শিগগিরই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের একটি রূপরেখা উপস্থাপন করবে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার এক সেমিনারে এ কথা বলেন।
জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক/অন্তর্বর্তীকালীন সরকার, দুর্নীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে বিএনপির সংসদীয় ককাস ও এশিয়া ফাউন্ডেশন। সেমিনারে ককাসের পক্ষ থেকে নির্দলীয় সরকারের একটি রূপরেখা উপস্থাপন করা হয়।
ককাসের দেওয়া রূপরেখা বিএনপির নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ককাস অন্তর্বর্তী সরকারের রূপরেখা প্রস্তাব করেছে। তারা যে রূপরেখা দিয়েছে, এটা আমাদের রূপরেখা নয়।’ তবে তিনি বলেন, ‘এই রূপরেখাটি পেলে বিএনপির চেয়ারপারসনসহ দলীয় ফোরামে আলোচনা করা হবে। অতি অল্প সময়ের মধ্যে আমরা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের রূপরেখা নিয়ে আসব এবং তা জাতির সামনে উপস্থাপন করা হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, আজ পর্যন্ত যতবার গণতন্ত্রের ওপর আঘাত এসেছে, অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে এবং আইনের শাসনের ওপর আঘাত এসেছে, তা প্রতিবারই আওয়ামী লীগের কাছ থেকে এসেছে। তিনি বলেন, দুর্ভাগ্য যে, স্বাধীনতার ৪২ বছরেও নির্বাচনকালীন সময়ের জন্য স্থায়ী পদ্ধতি তৈরি করা যায়নি। এটা জাতিগতভাবে লজ্জার এবং বড় দুর্বলতা। তাই একটি নির্বাচনকালীন দীর্ঘস্থায়ী পদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে।
মির্জা ফখরুল বলেন, শুধু পরস্পরের প্রতি দোষারোপ করে সমস্যার সমাধান হবে না। এর জন্য জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘অন্যান্য দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। এক দিনে সে অবস্থানে আমরা পৌঁছাতে পারব না। কারণ, রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি বিশ্বাস নেই। সে কারণে এভাবে চলতে চলতে একটা সময় বিশ্বাস তৈরি হবে।’
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং মূল প্রবন্ধ পাঠ করেন।
অন্যান্যের মধ্যে প্রমোটিং ডেমোক্রেটিক ইনস্টিটিউশন অ্যান্ড প্র্যাকটিসের ডেপুটি চিফ অব পার্টি নিভ ও’ কনর, সংসদ সদস্য ভিপি জয়নাল, হাফিজুর রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।