শিগগিরই অভিজিৎ হত্যা মামলায় অভিযোগপত্র: ডিএমপি কমিশনার

বিজ্ঞানবিষয়ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় শিগগিরই আদালতে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা বলেন। অমর একুশে বই মেলার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রেস ব্রিফিংটির আয়োজন করা হয়।
আছাদুজ্জামান মিয়া বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত ও শনাক্ত করা হয়েছে। মূল আসামি মুকুল রানা খিলগাঁওয়ের অপারেশনে নিহত হয়েছে। আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শিগগিরই আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশ থেকে সস্ত্রীক ফেরার সময় চাপাতি হামলার শিকার হন অভিজিৎ। হামলায় ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ।
এ ঘটনায় অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় করা মামলাটি এখনো তদন্তাধীন আছে। গত বছরের ১৯ মে অভিজিৎ রায়সহ অন্তত ১০টি হত্যায় জড়িত সন্দেহে ছয়জনকে ধরিয়ে দিতে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে প্রকাশের জন্য ছয়জনের নাম ও ছবি পাঠানো হয়। এদের মধ্যে একজনের নাম ‘শরিফুল’ হিসেবে উল্লেখ করা হয়। তাকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়। এর এক মাসের মাথায় গত ১৯ জুন দিবাগত রাতে খিলগাঁওয়ের মেরাদিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শরিফুল নিহত হন। নিহত শরিফুলের প্রকৃত নাম মুকুল রানা বলে পরে নিশ্চিত হয় পুলিশ।
এ সময় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়, রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।