
সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগমকে প্রকাশ্যে কুপিয়ে আহত করার এক সপ্তাহ পেরিয়ে গেছে গতকাল সোমবার। এ ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতা বদরুল আলমের দ্রুত বিচার ও সর্বোচ্চ সাজার দাবি উঠেছে দেশজুড়ে। তবে পুলিশ বলছে, এ ঘটনায় শিগগির অভিযোগপত্র দেওয়া সম্ভব নয়।
খাদিজার ওপর নৃশংস হামলার প্রতিবাদে এবং বদরুলের দ্রুত বিচারের দাবিতে গতকালও সিলেটসহ কয়েকটি জেলায় হয়েছে মানববন্ধন ও সমাবেশ।
আগের চেয়ে ভালো আছেন: গতকাল চিকিৎসকেরা জানিয়েছেন, খাদিজা বেগমের শারীরিক অবস্থা উন্নতির দিকে। স্কয়ার হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর মির্জা নাজিম উদ্দিন বলেন, ‘আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আমরা এখন আশাবাদী।’
খাদিজার ভাই শাহীন আহমদ বলেন, কয়েক দিনের মধ্যেই তাঁর কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা খুলে নেওয়া হবে বলে চিকিৎসক জানিয়েছেন।
অভিযোগপত্র বিষয়ে: তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, চিকিৎসকদের কাছ থেকে খাদিজার শারীরিক অবস্থার প্রকৃত তথ্য না পাওয়া পর্যন্ত হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টার মামলায় অভিযোগপত্র দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই খাদিজার জীবনাশঙ্কা কাটার অপেক্ষায় পুলিশ।
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার তদন্তসংশ্লিষ্ট ওই সূত্র জানায়, একমাত্র অভিযুক্ত বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তদন্তের বড় কাজ শেষ হয়েছে। হামলার তথ্য-প্রমাণ ও প্রয়োজনীয় সাক্ষ্য পুলিশের কাছে রয়েছে। উদ্ধার হয়েছে ব্যবহৃত চাপাতিও। আসামি যেন আইনের ফাঁক দিয়ে বেরোতে না পারেন, সেটিও পুলিশের পর্যবেক্ষণে আছে। এখন শুধু অপেক্ষা খাদিজার শারীরিক উন্নতির।
তবে সিলেটের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম বলেন, দ্রুত বিচার করতে দ্রুত অভিযোগপত্র দিতে হবে। তিনি আরও বলেন, ‘হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। একমাত্র আসামিও আদালতে জবানবন্দি দিয়েছে। পুলিশের তদন্তের সবচেয়ে বড় দিক অর্জিত হয়ে গেছে। এখন দ্রুত চার্জশিট দিতে পারে। এর মধ্যে যদি অন্য কোনো কিছু হয়-ই, তখন ৩০২ ধারায় সম্পূরক চার্জশিট দিতে পারবে।’
হামলার ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস হত্যাচেষ্টার অভিযোগে হামলার পরদিন গত মঙ্গলবার বদরুলের বিরুদ্ধে সিলেটের শাহপরান থানায় মামলা করেন।
গতকাল শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি বলেন, ‘খাদিজার শারীরিক অবস্থার উন্নতি-অবনতির ওপর ভিত্তি করেই অভিযোগপত্র প্রস্তুত করা হবে।’