শিগগিরই এলএনজি গ্যাস সরবরাহ শুরু হচ্ছে না

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ শুরু হচ্ছে না এ মাসে। সাগরের তলদেশে স্থাপিত পাইপলাইন ছিদ্র হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহ শুরু করা যাচ্ছে না।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী শনিবার থেকে এলএনজি সরবরাহ শুরুর কথা ছিল। সাগর উত্তাল থাকায় সাড়ে চার কিলোমিটার এ পাইপলাইন মেরামত করা যাচ্ছে না।
গত ২৪ এপ্রিল দুপুরে যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনাল জাহাজটি কক্সবাজারের মহেশখালীতে পৌঁছায়। মহেশখালী ভাসমান টার্মিনাল থেকে ৯১ কিলোমিটার পাইপলাইন হয়ে চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় গ্রিডে ওই গ্যাস যোগ হবে। এ জাহাজ থেকে প্রতিদিন ৪৬ কোটি ঘনফুট গ্যাস আগামী ১৫ বছর সরবরাহ করা হবে। কিন্তু ২০০৫ সালে নির্মিত ১৩ বছরের পুরোনো এই জাহাজটির আয়ুষ্কাল, সক্ষমতা ও দাম নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছে। মহেশখালী পৌঁছানোর পর কয়েক দফা জাহাজটি থেকে গ্যাস সরবরাহের চেষ্টাও ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে এলএনজি সরবরাহ শুরুর তারিখও দুই দফা বদল হয়েছে। সর্বশেষ তারিখ ছিল চলতি মাসের ২৬ তারিখ।
এ বিষয়ে জানতে চাইলে গত মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘সাগর ভাগের পাইপলাইনে কিছু ত্রুটি দেখা দেওয়ায় এলএনজি সরবরাহ শুরু করা যাচ্ছে না। চুক্তি অনুযায়ী এক্সিলারেট এনার্জির মে থেকে এলএনজি সরবরাহ শুরু করার কথা। এ মাসে এলএনজি সরবরাহ হয়তো সম্ভব হবে না। আশা করছি, আগামী মাসের ভেতরে ত্রুটি ঠিক করে এলএনজি সরবরাহ শুরু করা যাবে।’
জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, গ্যাস সরবরাহ করা হলেই এক্সিলারেট এনার্জির জাহাজের পাইপলাইনের মাঝামাঝি স্থানে থাকা দুটি বক্সের সংযোগ খুলে যাচ্ছে। এতে গ্যাসের চাপ কমে যাচ্ছে। সাগরের তলদেশে সাড়ে চার কিলোমিটার দীর্ঘ এ পাইপলাইনের ছিদ্র মেরামত করা বেশ জটিল।
সূত্রটি বলেছে, এক্সিলারেট এনার্জির চারজন ডুবুরি রয়েছেন, যাঁরা সাগরের তলদেশে গিয়ে পাইপলাইনে মেরামতের কাজ করছেন। একবার পানির নিচে ডুবুরিরা চার ঘণ্টার বেশি থাকতে পারেন না। আবার ওপরে উঠে আসার পর কম করে হলেও ছয় ঘণ্টা বিরতি নিতে হয়। এ ছাড়া সাগর অশান্ত থাকায় পাইপলাইনের ছিদ্র মেরামত করা কঠিন হয়ে পড়েছে।
প্রতিদিন ২৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা। দেশে গ্যাসের চাহিদা এর চেয়ে অনেক বেশি। গ্যাসের অভাবে দেশের শিল্পকারখানা পুরোদমে উৎপাদনে যেতে পারছে না। দেশের তীব্র গ্যাস-সংকটের সমাধানে সরকার এলএনজি আমদানির পরিকল্পনা করে।
জানা যায়, চুক্তি অনুযায়ী এক্সিলারেট এনার্জি বছরে ১১০ দিনের মতো গ্যাস সরবরাহ বন্ধ রাখতে পারবে জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য। এ সময়ও প্রতিষ্ঠানটি জাহাজের ভাড়া পাবে। ১৩ বছরের পুরোনো জাহাজটির স্বাভাবিক আয়ুষ্কাল আছে আর ১৭ বছর। জাহাজের ভাড়া, সেবা ও অন্যান্য খরচ মিলিয়ে সরকার প্রতিবছর এক্সিলারেট এনার্জিকে দেবে ৭২০ কোটি টাকা। ১৫ বছরে এ বাবদ দিতে হবে ১০ হাজার ৮০০ কোটি টাকা। অথচ এ রকম একটি জাহাজের মূল্য ২ হাজার ৪০০ কোটি টাকা।