শিগগিরই কমছে না ইন্টারনেটের খরচ
ইন্টারনেটের ব্যান্ডউইটথের দাম গতকাল ১ সেপ্টেম্বর থেকে উল্লেখযোগ্য হারে কমেছে। তাহলে কি ইন্টারনেট ব্যবহারের খরচ কমবে? ব্যান্ডউইটথের ওপর মূলত ইন্টারনেটের গতি নির্ভর করে।
দেশে ইন্টারনেট সংযোগের প্রধান উৎস বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) প্রতি সেকেন্ডে এক মেগাবিট (এমবিপিএস) ব্যান্ডউইটথের দাম ১ হাজার ৬৮ থেকে কমিয়ে ৬১৮ টাকা করেছে। অবশ্য ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের জন্য এ দামে ব্যান্ডউইট্থ পাওয়া যাবে।
তবে গ্রাহক পর্যায়ে শিগগিরই ইন্টারনেট ব্যবহারের খরচ কমছে না। ইন্টারনেট সংযোগদাতারা মনে করেন, এতে সাধারণ গ্রাহকের কাছে এখনকার চেয়ে খুব একটা কম দামে ইন্টারনেট পৌঁছানো যাবে না।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের কথায়ও তা বোঝা গেল। গতকাল মঙ্গলবার মুঠোফোনে তারানা হালিম প্রথম আলোকে বলেন, ‘গ্রাহক পর্যায়ে এখনই ইন্টারনেটের দাম হয়তো কমবে না, তবে ইন্টারনেটের গতি বাড়বে। যেখানে গ্রাহক ১ এমবিপিএস গতি পাচ্ছেন, সেখানে এই গতি আরও বেশি পাবেন। পাশাপাশি ইন্টারনেট সংযোগের মানও বাড়বে।’
বিএসসিসিএল ব্যান্ডউইটথের দাম কমানোর পরও গ্রাহক কেন এখনকার চেয়ে কম দামে ইন্টারনেট পাবেন না? বিএসসিসিএল ১ এমবিপিএস ব্যান্ডউইট্থ ৬১৮ টাকায় বিক্রি করবে তখনই, যখন ১০ জিবিপিএস (গিগাবিট পার সেকেন্ড) ব্যান্ডউইট্থ কেনা হবে। ব্যান্ডউইটথের দাম যেভাবে বিএসসিসিএল নির্ধারণ করেছে সেটা হলো: ৫০ থেকে ৯৯৯ এমবিপিএস ৯০০ টাকা। ১০০০ থেকে ২৪৯৯ এমবিপিএস ৮২৫ টাকা, ২৫০০ থেকে ৪৯৯৯ এমবিপিএস ৭৫৫ টাকা, ৫০০০ থেকে ৯৯৯৯ এমবিপিএস ৬৮০ টাকা এবং ১০০০০ এমবিপিএস (১০ জিবিপিএস। ১০২৪ এমবিপিএস = ১ জিবিপিএস) এবং এর চেয়ে বেশি ব্যান্ডউইট্থ কেনার ক্ষেত্রে প্রতি এমবিপিএসের দাম পড়বে ৬১৮ টাকা।
আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের প্রধান কৌশল কর্মকর্তা (সিএসও) সুমন আহমেদ বলেন, ‘বাংলাদেশে শুধু গ্রামীণফোনেরই ১০ জিবিপিএস ব্যান্ডউইটথের চাহিদা রয়েছে। আর কোনো ইন্টারনেট
সংযোগদাতাই এই ধাপের শর্ত পূরণ করে ৬১৮ টাকায় ব্যান্ডউইট্থ কিনতে পারবে না। বেশির ভাগ সংযোগদাতা পরবর্তী দরের ব্যান্ডউইট্থ কিনবেন।’
আইআইজিকে সরকারের সঙ্গে ১০ শতাংশ রাজস্ব ভাগাভাগি করতে হয়। এরপর মূল্য সংযোজন কর এবং নিজেদের লাভের হিসাব রয়েছে। তাই বিএসসিসিএলের ঘোষিত দামের চেয়ে বেশি মূল্যে আইএসপির কাছে ব্যান্ডউইট্থ বিক্রি করবে আইআইজিগুলো। ব্যান্ডউইটথের এ দাম কমানোর ফলে গ্রাহক খুব একটা লাভবান হবেন না বলেই মনে করেন সুমন আহমেদ।
ইন্টারনেট সংযোগদাতাদের সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম বললেন, ‘ইন্টারনেট সংযোগ দেওয়ার ক্ষেত্রে আইএসপিগুলোর যে খরচ হয়, তার একটা ক্ষুদ্র অংশ ব্যান্ডউইট্থ কেনা। এর বাইরে গ্রাহকের কাছে সংযোগ পৌঁছে দেওয়ার অবকাঠামো, পরিচালন ব্যয় ইত্যাদির খরচই বেশি। আইএসপির মোট খরচের মাত্র ৫ থেকে ৬ শতাংশ ব্যয় হয় ব্যান্ডউইটথের জন্য।’
ইন্টারনেটের দাম কমছে না, তবে গ্রাহক কি বেশি গতি পেতে পারেন? এম এ হাকিম বলেন, ‘গতি এলেও এই অবস্থায় বেশি বাড়ানো সম্ভব নয়। হয়তো ১২৮ বা ২৫৬ কেবিপিএস গতি বাড়তে পারে, এর বেশি নয়। ১০ জিবিপিএস কিনতে বিএসসিসিএলকে প্রতি মাসে দিতে হবে ৭২ লাখ টাকা। এর বাইরে আবার দুই মাসের অগ্রিম টাকাও দিতে হবে।’
১৯৯৬ সালে কৃত্রিম উপগ্রহনির্ভর ইন্টারনেটের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে অনলাইন ইন্টারনেট চালু হয়। তখন ১ এমবিপিএস ব্যান্ডউইটথের দাম ছিল ১ লাখ ২০ হাজার টাকা। ২০০৪ সালে এ দাম কমে হয় ৭২ হাজার টাকা। পরবর্তী সময়ে সাবমেরিন কেব্ল নেটওয়ার্কে যুক্ত হওয়ার পর ব্যান্ডউইটথের দাম আরও কমতে থাকে। সর্বশেষ এ দাম দাঁড়াল ৬১৮ টাকায়। তবে সার্বিকভাবে গ্রাহকের জন্য ইন্টারনেট ব্যবহারের খরচ এ হারে কমেনি।