শিগগিরই চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু হবে
চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সংসদে মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন পাস হলেই অস্থায়ী ভবনে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে। গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) শাহ আলম বীর উত্তম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।
জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ও বিএমএর মহাসচিব এম ইকবাল আর্সলান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে জায়গা থাকলে সেখানে বিশ্ববিদ্যালয় ভবন হতে পারে। তবে এটি নির্মাণের দায়িত্ব গণপূর্ত বিভাগের। এর আগে মঞ্চে স্বাস্থ্যমন্ত্রীকে চমেক ক্যাম্পাসের নকশা দেখিয়ে খালি জায়গা কোথায় আছে তা বুঝিয়ে দেন বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতারা।
চিকিৎসকদের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে অনেক চিকিৎসক ঠিকমতো দায়িত্ব পালন করেন না। তাঁরা যাতে নিয়মিত হাসপাতালে যান, সেটা পর্যবেক্ষণ করার দায়িত্ব সিভিল সার্জনের। শুধু টেলিফোনে খবর নিলে হবে না, সেখানে গিয়ে তা দেখতে হবে। মন্ত্রী বলেন, সবাই ঢাকায় থাকতে চান। ঢাকায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, যেখানে রোগীর চেয়ে ডাক্তার বেশি। সবাই সংযুক্তি নিয়ে ঢাকায় থাকতে চান। গ্রামে থাকতে চান না।
মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর চিকিৎসাসেবা প্রদানে চিকিৎসকদের আন্তরিকতার প্রশংসা করে মন্ত্রী বলেন, অনেক ভালো চিকিৎসক যেমন রয়েছেন, তেমনি অনেক দুর্নীতিবাজ চিকিৎসকও রয়েছেন। মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুটিকে সারিয়ে তোলার কৃতিত্ব চিকিৎসকদের।
মন্ত্রী বলেন, চট্টগ্রাম মেডিকেলে কিছু যন্ত্রপাতি সংযোজন করা হবে। কোনো অজুহাতে যেন এসব মেশিন বন্ধ না থাকে। এগুলো বন্ধ রেখে যেন বাইরের ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানো না হয়।
সভায় মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পক্ষে নন। এতে রোগীরা সেবা থেকে বঞ্চিত হবেন। চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় করার মতো অনেক জায়গা রয়েছে।
স্বাচিপ চট্টগ্রামের আহ্বায়ক শেখ শফিউল আজমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
স্বাস্থ্যমন্ত্রী গতকাল সকালে আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতালের সম্প্রসারিত প্রসূতি বিভাগের উদ্বোধন করেন। পরে আগ্রাবাদে নবনির্মিত পরিবার পরিকল্পনা ভবনের উদ্বোধন করেন।
মা ও শিশু হাসপাতালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবার ক্ষেত্রে মন্ত্রী হিসেবে আমার কোনো রাজনীতি নেই। আমি রাজনীতি করি মাঠে। মন্ত্রণালয়ের ভেতরে কোনো রাজনীতি করি না। যে যোগ্য লোক, দক্ষ লোক, তার স্বীকৃতি আমি দেই।’