শিগগিরই চালু হচ্ছে দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণাগার
খাগড়াছড়ির দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণাগারের স্থাপনা নির্মাণের কাজ গত ডিসেম্বরে শেষ হয়েছে। ইতিমধ্যেই পর্যবেক্ষণাগারের বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করা হয়েছে। বিদ্যুৎ-সংযোগ পেলেই শুরু হবে এর যন্ত্রাংশ স্থাপনের কাজ। চলতি বছরের জুনে এটি চালু করা হবে বলে জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, পর্যবেক্ষণাগারের মাধ্যমে পাহাড়ের চাষাবাদের গবেষণা, আবহাওয়ার পূর্বাভাস, দুর্যোগের সতর্কীকরণ পাওয়া যাবে। এ ছাড়া স্থানীয় আবহাওয়ার সঙ্গে চাষাবাদের বিষয়ে কৃষকদের প্রশিক্ষণও দেওয়া হবে। স্থানীয় আবহাওয়ার বিভিন্ন তথ্য সরাসরি সরবরাহ করা হবে কেন্দ্রীয় দপ্তরে। মূলত পাহাড়ের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে কৃষির উন্নয়নের লক্ষ্যেই এ পর্যবেক্ষণাগার স্থাপন করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণাগার স্থাপন প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীঘিনালার পোমাংপাড়া এলাকায় ২০১১ সালে দুই কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দে পর্যবেক্ষণাগারটি নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। স্থাপনার কাজ শুরু করা হয় ২০১৩ সালের এপ্রিলে। ওই বছরের ডিসেম্বরেই দ্বিতল ভবনের এই পর্যবেক্ষণাগারের নির্মাণকাজ শেষ হয়।
পর্যবেক্ষণাগারে একজন প্রথম শ্রেণীর সহকারী আবহাওয়াবিদের তত্ত্বাবধানে ১০ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করবেন।
প্রকল্প পরিচালক শামীম আহসান ভূঁইয়া জানান, স্থাপনা নির্মাণকাজ শেষ হয়েছে। বিদেশ থেকে যন্ত্রাংশও আমদানি করা হয়েছে। এখনো বিদ্যুৎ-সংযোগ না পাওয়ায় যন্ত্রাংশ স্থাপন করা সম্ভব হচ্ছে না। আগামী জুন মাসের মধ্যেই পর্যবেক্ষণাগারটি চালু করা হবে।