স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিনিধিদল গতকাল শনিবার চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল পরিদর্শন করেছে। চট্টগ্রামে এই হাসপাতালে ১০০ শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতাল করার চিন্তাভাবনা চলছে। দু-এক দিনের মধ্যে বার্ন ইউনিটের জন্য একটি জনবল কাঠামো ও আনুষঙ্গিক যন্ত্রপাতির প্রস্তাব স্বাস্থ্যসচিব বরাবর পাঠানো হবে।প্রতিনিধিদলে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) মমতাজ উদ্দিন ভূঁইয়া, ঢাকার ৫০ শয্যার বার্ন ইউনিটের প্রধান বিশেষজ্ঞ-চিকিৎসক সামন্ত লাল সেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান। দলটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্বল্পপরিসরে স্থাপিত বার্ন ইউনিটও পরিদর্শন করে। এ সময় রেলওয়ে হাসপাতালের চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে সামন্ত লাল বলেন, ‘প্রধানমন্ত্রী চট্টগ্রামে একটি বার্ন ইউনিট করার ঘোষণা দিয়েছিলেন। আমরাও ভেবে দেখলাম, চট্টগ্রামে পোড়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। একজন পোড়া রোগীকে ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসা দেওয়া জরুরি। সেই দিকটি চিন্তা করে আমরা রেলওয়ে হাসপাতালে এই ইউনিট স্থাপনের চিন্তা করেছি।’জানা গেছে, ৯২ শয্যার চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালটি দীর্ঘদিন ধরে রোগীশূন্য পড়ে রয়েছে। এখানে পর্যাপ্ত চিকিৎসকও নেই। তাই হাসপাতালটিকে বার্ন ইউনিট হিসেবে ব্যবহারের জন্য দৌড়ঝাঁপ শুরু করেন সামন্ত লাল সেনসহ কয়েকজন। এঁদের মধ্যে চট্টগ্রাম মেডিকেলের শিশু সার্জারি বিভাগের তাহমিনা বানু ও সার্জারি বিভাগের আইয়ুব আলী অন্যতম। জানা গেছে, সামন্ত লাল বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও যোগাযোগ মন্ত্রণালয়েরর সঙ্গে চিঠি চালাচালি শুরু করেন। পরে গত ২৩ ফেব্রুয়ারি রেলওয়ের পূর্বাঞ্চলের উপপরিচালক (প্রকৌশল) মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক চিঠিতে রেলওয়ে হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ করার অনুমতি দেওয়া হয়। তবে সেখানে দুটি শর্ত দেওয়া হয়। তার অন্যতম হচ্ছে রেলওয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই হাসপাতাল পরিচালনা করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) মমতাজ উদ্দিন বলেন, ‘আমরা হাসপাতালটি পরিদর্শন করেছি। সেখানে রোগী নেই। তারা নীতিগতভাবে আমাদের দিতে সম্মত হয়েছে। এখন আন্তমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথমদিকে এটি ৫০ শয্যা করা গেলেও আস্তে আস্তে ১০০ শয্যায় উন্নীত করা যাবে।’জানা গেছে, প্রাথমিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে ১০০ শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রস্তাব দেওয়া হচ্ছে। প্রস্তাবে প্রায় ৩৫ জন চিকিৎসক ও চারটি অস্ত্রোপচারকক্ষের কথা বলা হয়েছে। পরিচালনার দায়িত্বে কে থাকবে, সেটা পরে আন্তমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হবে।