শিগগিরই জাতীয় পুষ্টি নীতি: স্বাস্থ্যমন্ত্রী
শিগগিরই জাতীয় পুষ্টি নীতি জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, এ সংক্রান্ত একটি বিল মন্ত্রিসভায় পাস হলেই সংসদে উপস্থাপন করা হবে।
মন্ত্রী আজ রোববার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সাংসদদের নিয়ে পুষ্টি বিষয়ক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘পরিপ্রেক্ষিত’।
সন্তানদের ফাস্ট ফুড না খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনারা আপনার সন্তানদের ফাস্ট ফুড খাওয়াবেন না। তাদের দেশীয় খাবার খাওয়ান। দেশীয় ফল খাওয়ান। যদি সন্তানদের দেশি খাবার খাওয়ান তাহলে ছেলে-মেয়েরা অপুষ্টিতে ভুগবে না।’
প্রসূতি মায়েদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আপনার শিশুদের বুকের দুধ খাওয়ান। বাজার থেকে বিভিন্ন কোম্পানির দুধ কেন কিনে খাওয়াবেন? আল্লাহর দেওয়া নিয়ামত থেকে কেন আপনি আপনার সন্তানদের বঞ্চিত করবেন? ’
পুষ্টি সচেতনতা বাড়ানোর জন্য সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে সমাজের মানুষকে বলতে হবে। সচেতনতা সৃষ্টি করতে হবে। সমাজের সকল স্তরের প্রতিনিধিরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, পুষ্টি সচেতনতা বৃদ্ধি করতে হলে আগে আমাদের সমাজের মানুষকে সচেতন করতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ জন্য সাংসদদের জোরালো ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, সাংসদ ফজলে হোসেন বাদশা, আবদুল মান্নান, পংকজ দেবনাথ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মো. নূরুল হক প্রমুখ বক্তব্য রাখেন।