শিগগিরই টেলিমেডিসিন প্রকল্প চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার শিগগিরই দেশে আটটি টেলিমেডিসিন প্রকল্প চালু করতে যাচ্ছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রত্যন্ত এলাকার রোগীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজে গতকাল শুক্রবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সিলেট শাখা আয়োজিত চিকিৎসক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, জোট সরকারের আমলে বন্ধ করে দেওয়া কমিউনিটি ক্লিনিকগুলো গরুর গোয়াল, ছাগলের খোঁয়াড় ও জুয়াড়িদের আড্ডাখানায় পরিণত হয়েছিল। বর্তমান সরকার আবারও সেগুলো চালু করেছে। তিনি সরকারি উদ্যোগ বাস্তবায়নের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।বিএমএ সিলেট শাখার সভাপতি রুকনউদ্দিন আহমদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। উপস্থিত ছিলেন সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সৈয়দা জেবুন্নেসা হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, বিএমএর কেন্দ্রীয় মহাসচিব শারফুদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, বিএমএ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইহতেশামুল হক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বিএমএ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান।