শিগগিরই ঢাকা সফর করবেন নরেন্দ্র মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক উন্নয়ন এবং কল্যাণে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবসহ শিগগিরই ঢাকা সফরের প্রতীক্ষায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর বাসস ও ইউএনবির।
ভারতের পররাষ্ট্রসচিব (বহুপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কবিষয়ক) সুজাতা মেহতা গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বৈঠকের আলোচনার ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, ভারতের পররাষ্ট্রসচিব শখে হাসিনার কাছে নরেন্দ্র মোদির শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন।
ভারতের পররাষ্ট্রসচিব বলেন, বর্তমানে প্রতিবেশী দেশ দুটির মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা করেন। বাংলাদেশকে সেকেন্ড লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় আরও ১০০ কোটি ডলার ঋণদানের নতুন প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, ‘এর অধীন আমরা আরও উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে পারি।’
সুজাতা মেহতা জানান, ভারতের আরও তিন-চারটি প্রতিষ্ঠান বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশ উত্তর-পূর্ব ভারতের জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনে বিনিয়োগ বা সরাসরি বিদ্যুৎ ক্রয় করতে পারে। গঠন করা যেতে পারে দুই দেশের মধ্যে একটি ‘সোলার জোট’।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি বণ্টনে আরও উদ্যোগ গ্রহণ এবং বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানকে যুক্ত করে আরও আঞ্চলিক যোগাযোগের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন। এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব সরকারের পক্ষ থেকে ইতিবাচক জবাব দেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ শরনও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-ভারত উন্নয়ন অংশীদারত্ব ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় খুঁজে দেখতে গত রোববার তিন দিনের সফরে ঢাকা আসেন সুজাতা। তাঁর সঙ্গে রয়েছেন ভারতের যুগ্ম সচিব (উন্নয়ন অংশীদার প্রশাসন) অলক কুমার সিনহা ও যুগ্ম সচিব (বাংলাদেশ ও মিয়ানমার) শ্রীপ্রিয়া রঙ্গনাথন।
রাজনাথের মন্তব্যের প্রতিবাদ: বাংলাদেশ-ভারত সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার কোনো নীতি নেই-ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক এ মন্তব্যে প্রতিবাদ শুরু হয়েছে দেশটিতে। ভারতের কয়েকটি মানবাধিকার সংগঠন অনলাইনে রাজনাথের এই বক্তব্যের জোর প্রতিবাদ করেছে। ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য হিন্দু গতকাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই প্রতিবাদের কথা জানায়।
সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে আসেন রাজনাথ সিং। সফরের সময় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ফাঁড়ি পরিদর্শনে গিয়ে রাজনাথ বলেন, ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা যাবে না এমন কোনো বিষয় নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সীমান্ত সুরক্ষিত রাখতে হবে। এমন পরিস্থিতি আমি কখনোই চাইব না, যার ফলে আমাদের জওয়ানেরা হামলার শিকার হয়। আত্মরক্ষার্থে তারা গুলি চালাবে না তা হয় না।’ 
রাজনাথের এই বক্তব্যের প্রতিবাদ করেছে কলকাতাভিত্তিক মানবাধিকার সংগঠন বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ (এমএএসইউএম)। সংগঠনটি ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তের সহিংসতার ঘটনা পর্যবেক্ষণ করে। বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংগঠনের প্রধান কীর্তি রায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে আরজি পাঠিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘বিএসএফ ও বিজিবির মধ্যে ২০১১ সালে সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার চুক্তিকে অবজ্ঞা করেছেন রাজনাথ।’ কীর্তি রায় বলেন, ‘ভারত ও বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলোর ধারাবাহিক প্রচেষ্টার কারণেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার সমঝোতা হয়। সীমান্তে এমনকি শিশুরাও রেহাই পায়নি এমন ঘটনা আছে। রাজনাথের মন্তব্য অসাংবিধানিক।’ 
আরেকটি সংগঠন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরই) বলেছে, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করতে ২০১১ সালে বিএসএফের সমঝোতার ফলে সীমান্তে হত্যার ঘটনা অনেক কমে গেছে। 
মানবাধিকার সংগঠন এমএএসইউএম জানায়, ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত সীমান্তে ১১০০ মানুষ নিহত হয়েছে। ২০১১ সালের সমঝোতার পর নিহতের সংখ্যা ৩০ শতাংশ কমে আসে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন, সীমান্তে হত্যা বন্ধ হলেও ভারতীয় অংশে বিএসএফের নির্যাতন এখনো চলছে।