শিগগিরই ঢাকায় নতুন এসি মিনিবাস: যোগাযোগমন্ত্রী

ঢাকায় শিগগিরই বেসরকারি খাতে ১০০ শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) মিনিবাস নামানো হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) পর্যালোচনা সভা শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।
যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকায় যাত্রীবাহী বাস অনুমোদন করে মহানগর পুলিশ কমিশনারের নেতৃত্বে আঞ্চলিক পরিবহন কমিটি (আরটিসি)। এই কমিটির সাচিবিক দায়িত্ব পালন করে যোগাযোগ মন্ত্রণালয়ের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মন্ত্রী নতুন মিনিবাস নামানোর নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। আরটিসি চূড়ান্ত অনুমোদন দেবে।
যোগাযোগমন্ত্রী জানান, দেড় থেকে দুই মাসের মধ্যে সেনাবাহিনীর মাধ্যমে ঢাকায় ২৫০ এবং চট্টগ্রামে ১৫০টি ট্যাক্সিক্যাব নামানোর প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে। বেসরকারি একটি প্রতিষ্ঠানকে ঢাকায় আরও ২৫০টি ট্যাক্সিক্যাব নামানোর অনুমোদন দেওয়া হয়েছে।
ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আগামী মাসে মেট্রোরেল (মাস র্যাপিড ট্রানজিট—এমআরটি), বাসের বিশেষ লেন (বিআরটি), বিদ্যমান কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর সমান্তরালে আরও তিনটি নতুন সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যোগাযোগমন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম চার লেন করার কাজে সরকার অগ্রাধিকার দিয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও ১০ সেপ্টেম্বর পর্যন্ত ২০ কিলোমিটার পথ পাকা করা হয়েছে। আধা পাকা অবস্থায় এসেছে ৭৫ কিলোমিটার। প্রকল্পের অধীনে ২২৮টি কালভার্ট ও ২২টি সেতুর মধ্যে ১২টির নির্মাণ সম্পন্ন হয়েছে। এ ছাড়া বাইপাস, আন্ডারপাস নির্মাণ, মাটির কাজও প্রায় শেষ পর্যায়ে।
ওবায়দুল কাদের জানান, তাঁর মন্ত্রণালয় গত এক বছরে এডিপির লক্ষ্যমাত্রার ৯৯ দশমিক ৫৯ শতাংশ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে।
জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলমান আছে জানিয়ে মন্ত্রী বলেন, ইতিমধ্যে ১৪ কিলোমিটার সড়ক পাকা হয়ে গেছে। দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে। নবীনগর-ঢাকা ইপিজেড-চন্দ্রা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজ প্রায় শেষ। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
এডিবি পর্যালোচনা বৈঠকে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিকসহ মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।