শিগগিরই তিস্তা চুক্তি, বেশি লাভবান হবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল ইসলাম মাহমুদ
আনিসুল ইসলাম মাহমুদ

পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, শিগগিরই তিস্তার পানি বণ্টন চুক্তি হতে যাচ্ছে। এই চুক্তিতে বাংলাদেশ বেশি লাভবান হবে।
রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে গতকাল শুক্রবার পঞ্চম আন্তর্জাতিক পানি ও বন্যা ব্যবস্থাপনাবিষয়ক দুই দিনের সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উদ্যোগে পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট (আইডব্লিউএফএম) এই সেমিনারের আয়োজন করেছে।
পানিসম্পদমন্ত্রী বলেন, অভিন্ন নদীতে ভারত এমন কোনো প্রকল্প নেবে না যাতে করে বাংলাদেশের ক্ষতি হয়। ভারতের সঙ্গে সরকারি-বেসরকারি বিভিন্ন বৈঠকে এমন আশ্বাস মিলেছে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, তিস্তা চুক্তির ব্যাপারে বাংলাদেশ আশাবাদী। তবে কখন কীভাবে এই চুক্তি হবে, সে ব্যাপারে নিশ্চিত করে বলা সম্ভব নয়। এ ধরনের চুক্তিগুলোর ক্ষেত্রে কোনো দিনক্ষণ বেঁধে দেওয়া ঠিক হবে না।
সেমিনারে পানিসম্পদমন্ত্রী বলেন, সরকার এখন নদী ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে। বাঁধ নির্মাণের চেয়ে নদী ব্যবস্থাপনাই খুব জরুরি। তবে অববাহিকাভিত্তিক নদী ব্যবস্থাপনা ছাড়া এ অঞ্চলে বন্যা, খরা কিছুই মোকাবিলা করা সম্ভব নয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য খালেদা ইকরাম বলেন, নৌপথ হচ্ছে সস্তা ও পরিবেশসম্মত। তাই সরকারকে নৌপথের ওপর গুরুত্ব দিয়ে পরিকল্পনা নিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডব্লিউএফএমের পরিচালক অধ্যাপক জি এম তারেকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সেমিনার প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আবুল ফজল মো. সালেহ।
এই সেমিনারে বাংলাদেশসহ ছয়টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এতে পানি ও বন্যা ব্যবস্থাপনার ওপর ৬৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। বাংলাদেশ, ভারত, নেপাল, ইরান, জাপান ও নেদারল্যান্ডসের গবেষকেরা এতে অংশ নিচ্ছেন।