শিগগিরই তিস্তা চুক্তি স্বাক্ষর করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত তিস্তার পানি বণ্টন চুক্তি শিগগিরই স্বাক্ষরের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুকনো মৌসুমে বাংলাদেশের আরও পানির প্রয়োজন হওয়ায় তিস্তার পানি বণ্টন চুক্তি খুব শিগগির স্বাক্ষর হওয়া উচিত। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্র, বৈদেশিক সম্পর্ক এবং উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন প্রতিমন্ত্রী ভি কে সিংয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। খবর ইউএনবি ও বাসস।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ওই বৈঠকের আলোচনা অবহিত করেন। তিনি বলেন, বৈঠকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে উভয় পক্ষ আলোচনা করে।
প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন এবং সীমানা চুক্তিসহ সব বিষয় খুব শিগগির সমাধানের ব্যাপারে আশা প্রকাশ করেন। এ ছাড়া ভারতের ওপর দিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশকে ট্রানজিট-সুবিধা দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ জানিয়েছেন। তিনি ভারতের মন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আমরা আপনাদের কাছ থেকে ট্রানজিট চাই এবং এ জন্য আমরা ইতিমধ্যেই আপনাদের সুবিধা দিয়েছি।’
জবাবে ভারতের প্রতিমন্ত্রী ভি কে সিং বলেন, ‘আমরা ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে ট্রানজিট দিতে সম্মত আছি। হ্যাঁ, আপনারা এই সুবিধা পাবেন।’ তিনি বলেন, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের সড়ক যোগাযোগের পাশাপাশি রেলপথও নির্মাণ করতে হবে।
ভারতের মন্ত্রী আশুগঞ্জ নৌ-বন্দর দিয়ে তাঁর দেশে চাল পরিবহনের অনুমতি দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারত সরকার আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত ১১ কিলোমিটার রেলপথ নির্মাণ করে দেবে। তিনি বলেন, ‘আমরা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পরিবেশ সৃষ্টি করতে চাই।’ তিনি বলেন, সীমান্ত হাট দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করেছে।
মোদি বাংলাদেশ সফরে আগ্রহী: ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর সম্পর্কে ভি কে সিং বলেন, তাঁর দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসতে আগ্রহী এবং যেকোনো সময়ে তিনি বাংলাদেশ সফরে আসতে পারেন।