পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই হত্যার রহস্য উন্মোচিত হবে।
গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নির্মিত আইসিটি এবং সিসি ক্যামেরা কন্ট্রোল রুমের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন। এ সময় আইজিপির সহধর্মিণী রোমাইসা সামাদ, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এসবি) জাবেদ পাটোয়ারী, ডিআইজি ঢাকা রেঞ্জ মাহফুজুল হক নুরুজ্জামান, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শহীদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্বকী হত্যা মামলা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘এই হত্যা মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সম্প্রতি আমাকে মামলার তদন্তকারী সংস্থা র্যাবের মহাপরিচালক জানিয়েছেন, মামলাটির তদন্ত শেষ পর্যয়ে। শিগগিরই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত এবং সত্য উদ্ঘাটিত হবে।’
পরে আইজিপি শহরের মাসদাইর পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।