শিগগিরই নূর হোসেনের জামিনের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনের পক্ষে শিগগিরই জামিনের আবেদন করা হবে। আজ শনিবার দুপুরে বারাসাতে প্রিজনভ্যান থেকে আদালতে নামার সময় ছবিটি তুলেছেন ভাস্কর মুখার্জি।
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনের পক্ষে শিগগিরই জামিনের আবেদন করা হবে। আজ শনিবার দুপুরে বারাসাতে প্রিজনভ্যান থেকে আদালতে নামার সময় ছবিটি তুলেছেন ভাস্কর মুখার্জি।

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনের প্রতিনিধি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গেছেন। শিগগিরই তাঁর জামিনের আবেদনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১২ দিনের জেল হেফাজত শেষে আজ শনিবার দুপুরে নূর হোসেন এবং তাঁর দুই সঙ্গী খান সুমন এবং ওহিদুর জামান শামীমকে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে বারাসাত আদালতে নেওয়া হয়। প্রিজন ভ্যানে করে আদালতের লকআপে নেওয়ার পথে নূর হোসেন সাংবাদিকদের এমন কথাই জানান।
নূর হোসেন বলেন, তাঁর জামিনের জন্য লোক কলকাতায় গেছেন। ওই ব্যক্তির সঙ্গে তাঁর এখনো কথা হয়নি। তিনিই তাঁর জামিনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এদিকে, আজ নূর হোসেনের অপর সঙ্গী ওহিদুর জামানের পক্ষে আদালতে জামিনের আবেদন করেন আইনজীবী অভিষেক চক্রবর্তী। তিনি আদালতে জানান, ওহিদুর জামান বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে বনগাঁ সীমান্ত দিয়ে ভারতে যান। কিন্তু পুলিশ তাঁর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা করেছে। বিষয়টির সত্যতা যাচাই করার জন্য তিনি বনগাঁ সীমান্ত থেকে প্রতিবেদন চান। পাশাপাশি ওহিদুরের পাসপোর্টের সত্যতা যাচাই করার জন্য বাংলাদেশ হাইকমিশনের প্রতিবেদনের আবেদন জানান তিনি।

এরপর সরকার পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন দে এই জামিনের বিরোধিতা করে বলেন, তিনজনই বাংলাদেশের সন্ত্রাসী। নূর হোসেনের বিরুদ্ধে জারি রয়েছে ইন্টারপোলের নোটিশ। এদের জামিন দেওয়া যায় না।
বিচার বিভাগীয় হাকিম এডুইন লেপচা এই মামলার কেস ডায়েরি ৭ আগস্ট আদালতে পেশ করার জন্য পুলিশকে নির্দেশ দেন।

এদিকে, নূর হোসেনের আরেক সঙ্গী খান সুমনের পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। সেই আবেদনের শুনানি হবে ৭ আগস্ট।

এদিকে আজ ওহিদুর জামানের পক্ষে জামিনের জন্য নারায়ণগঞ্জ থেকে কলকাতায় আসেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের এক নেতা মনির হোসেন। তিনি সাংবাদিকদের বলেছেন, ওহিদুর জামান তাঁর বন্ধু।
কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালী এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গত ১৪ জুন রাতে নূর হোসেনের সঙ্গে তাঁর দুই সঙ্গী খান সুমন এবং ওহিদুর জামান শামীমকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ পুলিশ বাহিনী বাগুইহাটি থানার পুলিশের সহযোগিতায়।