প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, শিগগিরই তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্ধর দিয়ে মানুষের চলাচল সুবিধা শুরু হবে। গতকাল শুক্রবার বিকেলে স্থলবন্দরটি পরিদর্শনের পর বন্দর কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন গওহর বিজভী। এ সময় যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে জিএসপি সুবিধা চালু করা সম্ভব হবে। এর আগে দেশের পোশাক খাতের উন্নয়নে কিছু কাজ করত হবে। ট্রেড ইউনিয়ন সুবিধা, পোশাক শ্রমিকদের চিকিত্সা, কাজের পরিবেশ উন্নয়ন ও মজুরির বিষয়ে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই শ্রম আইন সংশোধন করা হয়েছে। আগামী সংসদে এ আইন পাস হবে। ভরতের সঙ্গে ছিটমহল বিনিময় প্রসঙ্গে গওহর রিজভী বলেন, ছিটমহল বিনিময়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। ভারত সরকার চুক্তিটি সংসদে তুলেছে। শিগগিরই চুক্তিটি পাস হবে বলে আশা করা হচ্ছে। এর আগে গতকাল বিকেলে গওহর বিজভী বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছালে বিজিবির রংপুর অঞ্চলের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ফিরোজ তাঁকে স্বাগত জানান। এরপর বাংলাবান্ধা স্থলবন্দর ভবনে বন্দর কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, কাস্টমস, বিজিবি, আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও জনপ্রতিনিধিদের সঙ্গে তিনি মতবিনিময় সভায় অংশ নেন।