শিগগিরই বেসরকারি শিক্ষকদের বাড়িভাড়া, চিকিৎসা ভাতা বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি শিক্ষকেরা ১০০ টাকা বাড়িভাড়া পাচ্ছেন, যা একেবারেই অপ্রতুল। শিগগিরই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়বে। গতকাল শনিবার দুপুরে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা শিক্ষা বোর্ডের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বোর্ডের অধিভুক্ত ছয় জেলার দুই হাজার ১৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের জন্য আলাদা বেতনকাঠামোর (পে-স্কেল) কথা সর্বপ্রথম আমি উচ্চারণ করেছি। শিক্ষকতা একটি মহৎ পেশা। শিক্ষকেরা ত্যাগ ও উপলব্ধি নিয়েই কাজ করে থাকেন। আমরা শিক্ষকদের সম্মান জানাই। শিক্ষকদের জন্য আমরা পর্যায়ক্রমে সব কাজ করব। আমরা তাঁদের ব্যাপারে আন্তরিক।’ শিক্ষামন্ত্রী বর্তমান সরকারের নানামুখী সাফল্যের কথা উল্লেখ করে বলেন, সারা দেশে ২০ হাজার ৫০০ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হবে। বর্তমান সরকার ১৭ বছর আগের পাঠ্যক্রম বাদ দিয়ে নতুন করে এবার বই ছাপিয়েছে। এবার নতুন ১১১টি বই ছাপা হয়। গত দুই বছরে ওই বই তৈরি করতে ৫৫০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একই সঙ্গে বইয়ের ভাষা ঠিক রাখার জন্য প্রমিত বানানও ঠিক করা হয়েছে।শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ সাত বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি বন্ধ ছিল। বর্তমান সরকার এ পর্যন্ত এক হাজার ৬২৪টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে। একই সঙ্গে এক হাজার ২৩৪ জন শিক্ষকের বেতন এমপিওভুক্ত করেছে। এখন শিক্ষকদের উচিত শিক্ষার মান বাড়ানো। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. নোমান উর রশীদ, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী।বেলা তিনটায় শিক্ষামন্ত্রী কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।