শিগগিরই ব্যাংকিং সংস্কার আইন পাস করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শিগগিরই ব্যাংকিং সংস্কার আইন পাস করা হবে। গতকাল শুক্রবার বিকেলে সিলেটে বাংলাদেশ ব্যাংকের ‘মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন-২০১০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, ‘কিছু ব্যাংকিং ব্যবস্থা বিভিন্নভাবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে সমর্থন জানাচ্ছে। আমরা চাই স্বচ্ছ ব্যাংকিং ব্যবস্থা। ব্যাংকিং আইনের সংস্কার করতে হবে। কিছু দিনের মধ্যে বিমা নিয়ন্ত্রণ আইন পাস হবে বলে আশা করছি।’ ব্যাংকিং খাতে সুনীতি ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, মানি লন্ডারিং আইন করা হয়েছে। ব্যাংকিং ব্যবস্থা যেভাবে সহজে বোঝা যায়, সেভাবেই করতে হবে।বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সম্মেলনের কর্মশালা সিলেট শহরের একটি রেস্তোরাঁ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।মানি লন্ডারিং ও সন্ত্রাসীদের অর্থায়ন আর্থসামাজিক উন্নয়নে একটি বড় বাধা উল্লেখ করে আতিউর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে এই বাধা চিরতরে দূর করতে হবে। মানি লন্ডারিং ও অবৈধ হুন্ডি বন্ধে জনসচেতনতা সৃষ্টি করতে আগামী ২৬ মার্চ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত রোড শো করা হবে।ঋণ বিতরণ: গতকাল সকালে বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে সিলেট নগরের মির্জা জাঙ্গাল এলাকায় সিলেটের মণিপুরি সম্প্রদায়ের নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করেন গভর্নর আতিউর রহমান। এ সময় উদ্যোক্তাদের তিনি বলেন, ‘আপনাদের যেকোনো সহযোগিতা দিতে আমরা প্রস্তুত।’মণিপুরি পণ্য উত্পাদনে উত্সাহিত করতে ৫১ জন মণিপুরি নারী উদ্যোক্তার মধ্যে ৩৩ লাখ ৩৫ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোখতার হোসেন ও সিলেটের মহাব্যবস্থাপক মো. সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।