শিগগিরই ভারত থেকে বিদ্যুৎ আমদানি হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুব শিগগিরই ভারত থেকে প্রথম পর্যায়ে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হবে। তিনি বলেন, বর্তমান সরকার সততা ও দেশপ্রেমের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের উন্নয়নে কাজ করছে। খবর বাসসের।
আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় এক হাজার ৩০১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাঁচটি বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি এসব কথা বলেন। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির অর্থায়নে ৬১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার ব্যয়ে ওই প্রকল্প বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রমাণ করেছি, সততা ও দেশপ্রেম নিয়ে কাজ করলে সফলতা অর্জন করা সম্ভব।’ তিনি বলেন, ৬ হাজার ৯৫১ মেগাওয়াট ক্ষমতার ৩৪টি বিদ্যুৎকেন্দ্র বর্তমানে নির্মাণাধীন এবং ৩ হাজার ৯৭৪ মেগাওয়াট ক্ষমতার আরও ১৯টি বিদ্যুৎকেন্দ্রের টেন্ডার প্রক্রিয়াধীন।
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরকারের উদ্যোগ এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনও উৎসাহিত করছে।

শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের মেয়াদে গত সাড়ে চার বছরে ৩২ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ দেওয়া হয়েছে। দেশের ৬২ শতাংশ মানুষ এখন বিদ্যুৎ-সুবিধার আওতায় এসেছে। সেচ পাম্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার একটু সাশ্রয় আরেকজনের বিদ্যুৎ-গ্যাস পাওয়ার পথকে সুগম করবে।’

বিগত সরকারের সঙ্গে বর্তমান সরকারের সাফল্য তুলনা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০০৫ সালে দেশের ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করত। এখন তা ২৬ শতাংশে নেমে এসেছে।

তিনি বলেন, মাথাপিছু আয় ২০০৮ সালে ছিল ৬৩০ ডলার, এখন তা বেড়ে ৯৫০ ডলারে উন্নীত হয়েছে। তখন রিজার্ভ তিন বিলিয়ন ডলারও ছিল না। আর এখন রিজার্ভ ১৫ বিলিয়ন ডলারের ওপরে।

প্রধানমন্ত্রী বলেন, দেশে নারীর ক্ষমতায়নে আওয়ামী লীগ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। এটি দেশের কারও কারও পছন্দ না হলেও বিশ্বে প্রশংসিত হয়েছে।

অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন উন্নয়নশীল বিশ্বের জন্য রোল মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সাহায্য ও সমর্থন পেলে ২০২১ সাল নাগাদ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং সমৃদ্ধ বাংলাদেশে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে পারব।’

২০০১ থেকে ২০০৮ পর্যন্ত দেশের বিদ্যুৎ উৎপাদনের করুণ দশার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হস্তান্তর করার সময় প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ৪ হাজার ৩০০ মেগাওয়াট। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ যখন ফের ক্ষমতায় আসে তখন দৈনিক বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ৩ হাজার ২০০ মেগাওয়াট। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার দেশে নতুন কোনো বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেনি। এ ছাড়া চলমান বিদ্যুৎকেন্দ্রগুলোও তাঁরা রক্ষণাবেক্ষণ করেনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে বিগত সাড়ে চার বছরে ৫৫টি বিদ্যুৎকেন্দ্র নির্মিত হয়েছে এবং মোট উৎপাদন ক্ষমতা ৮ হাজার ৫৩৭ মেগাওয়াটে উন্নীত হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইনামুল হক, আইন প্রতিমন্ত্রী  কামরুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, সাংসদ ওবায়দুল মুক্তাদির চৌধুরী, বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম এবং এপিএসসিএলের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক এম নুরুল ইসলাম বক্তব্য দেন।