শিগগিরই ভূমি কমিশনের পূর্ণাঙ্গ বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই আনুষ্ঠানিকভাবে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের পূর্ণাঙ্গ বৈঠক অনুষ্ঠান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও সদস্য চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়।রাঙামাটি সার্কিট হাউসের ভিআইপি কক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কমিশনের মতবিনিময় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদেমুল ইসলাম চৌধুরী ও দেবাশীষ রায় এই আশাবাদ ব্যক্ত করেন।কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা না করে ভূমি জরিপের ঘোষণা এবং গণবিজ্ঞপ্তি জারি করে পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য দরখাস্ত আহ্বান করায় কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে মতবিরোধ চলে আসছে। এ ছাড়া কমিশনের বিধি অনুযায়ী সভা আহ্বান না করে কমিশনের সদস্যদের সঙ্গে সরকারি কর্মকর্তাদেরও সভায় উপস্থিত হতে নোটিশ দেওয়ায় কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান এবং তিন সার্কেলের প্রধান (রাজা) কমিশনের সভা বর্জন করে আসছিলেন।সভা শেষে দুপুর সোয়া ১২টায় খাদেমুল ইসলাম চৌধুরী ও দেবাশীষ রায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় খাদেমুল ইসলাম চৌধুরী জানান, কমিশনের সব বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। আরও আলোচনা চলবে। তিনি স্বীকার করেন, কমিশনের কার্যক্রম নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে। সেগুলো আলোচনা হওয়া দরকার।বিচারপতি খাদেমুল ইসলাম বলেন, ‘জরিপ আর বিরোধ নিষ্পত্তি কোনটি আগে-পরে হবে, সেটা আইনে লেখা নেই। যদিও আমরা জরিপের সিদ্ধান্ত নিয়েছি ২০০৯ সালে। জরিপ না হলে আমরা বসে থাকতে পারব না।’কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমাকে বৈঠকে আনার ব্যাপারে উদ্যোগ নেবেন কি না, প্রশ্ন করা হলে খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, ‘তিনি (সন্তু লারমা) আর্কিটেক্ট অব দ্য পিস অ্যাকর্ড। তাঁর অনেক অভিজ্ঞতা। তাঁর কাছ থেকে আমরা নেব। আমি চাই, তিনি যেন সভায় সব সময় যোগ দেন।’রাজা দেবাশীষ রায় বলেন, ‘এটি আনুষ্ঠানিক বৈঠক নয়। কমিশনের সদস্যদের মধ্যে ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। সে দূরত্ব যাতে কমাতে পারি, সেগুলো নিয়ে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করেছি।’ এক প্রশ্নের জবাবে দেবাশীষ রায় বলেন, কমিশনের জরিপের কাজটি মুখ্য নয়, বিরোধ নিষ্পত্তি মুখ্য। এখানে বিভিন্ন ধরনের ভূমি বিরোধ রয়েছে। দেখতে হবে, কোন বিরোধ কীভাবে নিষ্পত্তি হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে ভূমি কমিশনের চেয়ারম্যান রাঙামাটি এসে গত বুধবার সন্ধ্যায় চাকমা রাজার সঙ্গে তাঁর বাসভবনে গিয়ে আলোচনা করেন। এ সময় দেবাশীষ রায় তাঁর অবস্থান ব্যাখ্যা করলে কমিশনের চেয়ারম্যান সেগুলো বিবেচনার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে দেবাশীষ রায় গতকালের মতবিনিময় সভায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।গতকালের সভায় খাদেমুল ইসলাম চৌধুরী, দেবাশীষ রায় ছাড়াও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল ইসলাম এবং জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী উপস্থিত ছিলেন। সভায় দেবাশীষ রায় কমিশনের পূর্ণাঙ্গ সভা ডাকা হলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও অপর দুই সার্কেলের প্রধানকে (রাজা) সভায় উপস্থিত রাখার ব্যাপারে চেয়ারম্যানকে সহযোগিতার কথা বলেন।