শিগগিরই ভোটার তালিকাভুক্ত হচ্ছেন ছিটমহলবাসী
ছিটমহলবাসীর জন্য সুখবর। শিগগিরই তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং জাতীয় পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু হবে। ছিটমহল বিনিময়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে এমন সংকেত পেলেই এই কাজ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। খবর ইউএনবির।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ জুন দুই দিনের সফরে ঢাকায় এলে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তি অনুসমর্থনের দলিল হস্তান্তরিত হয়। যার মধ্য দিয়ে ছিটমহল বিনিময়ের বিষয়টি চূড়ান্ত আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী ৩১ জুলাই চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা।
নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেন, সরকারের কাছ থেকে ছিটমহল বিনিময়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার সংকেত পাওয়ার পরপরই ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও জাতীয় পরিচয়পত্রের কাজ শুরু হবে।
ইসির কর্মকর্তারা জানান, গত মঙ্গলবার ইসির বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আগামী আগস্ট মাস থেকে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু হচ্ছে। ওই সময়ে ছিটমহলে থাকা লোকজনকেও ভোটার তালিকাভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।