শিগগিরই মুক্ত হচ্ছে নাবিকসহ জাহান মণি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক ২৬ বাংলাদেশি নাবিকসহ জাহাজ এমভি জাহান মণি দু-তিন দিনের মধ্যে মুক্তি পাচ্ছে। জাহাজের মালিকপ্রতিষ্ঠান এস আর শিপিংয়ের কার্যালয়ে গতকাল শুক্রবার দুপুরে জিম্মি নাবিকদের স্বজনদের ডেকে এনে এ কথা জানানো হয়। এ সময় প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মেহেরুল করিমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মেহেরুল করিম নাবিকদের স্বজনদের বলেন, জাহাজের সব নাবিকের সঙ্গে তাঁর কথা হয়েছে। সবাই ভালো আছেন। তিনি জলদস্যুদের পাঠানো ২৬ নাবিকের ছবি স্বজনদের হাতে তুলে দেন।মেহেরুল বলেন, ‘সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। জলদস্যুরা মুক্তিপণের টাকা হাতে পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে জাহাজ ছেড়ে দেবে। আমরা নাবিকদের বলেছি, জাহাজ নোঙর না তোলা পর্যন্ত কেউ যেন দেশে তাঁদের আত্মীয়স্বজনের সঙ্গে কোনো কথা না বলেন। জাহাজ নোঙর তোলার আগে নাবিকেরা দেশে ফোন করবেন না।’কখন জাহাজটি মুক্ত হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মেহেরুল প্রথম আলোকে বলেন, দু-তিন দিনের মধ্যে মুক্ত হবে। মুক্তিপণ পরিশোধের ব্যাপারে কোনো কথা বলতে তিনি রাজি হননি।গত ৫ ডিসেম্বর ইন্দোনেশিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে আরব সাগরের ভারতীয় উপকূলের কাছে এমভি জাহাজ মণি জলদস্যুদের কবলে পড়ে। জলদস্যুরা এই জাহাজকে প্রায় এক হাজার ৪০০ নটিক্যাল মাইল দূরের সোমালিয়া দ্বীপের কাছে নিয়ে যায়। এরপর মুক্তিপণ হিসেবে জাহাজমালিকের কাছে ৯০ লাখ মার্কিন ডলার দাবি করা হয়। দীর্ঘ দুই মাস ধরে আলাপ-আলোচনা ও দর-কষাকষির পর জলদস্যুরা ৪২ লাখ মার্কিন ডলার মুক্তিপণে জাহাজ ছাড়তে রাজি হয়।নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, মুক্তিপণের টাকা জলদস্যুদের হাতে পৌঁছে গেছে। টাকা দেওয়ার আগে জাহাজের নাবিকদের অবস্থা জানতে চায় মালিকপক্ষ। এর পরিপ্রেক্ষিতে জলদস্যুরা তিনটি আলাদা ছবিতে জিম্মি ২৬ জন নাবিকের স্থিরচিত্র পাঠায়। ছবি দেখে মনে হচ্ছে, জাহাজের একটি কক্ষের মধ্যে ছবি তিনটি তোলা হয়। ছবিতে নাবিকদের উদ্বিগ্ন দেখা গেছে।