শিগগিরই মেট্রোরেলের ভিত্তি প্রস্তর স্থাপন: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খুব শিগগির রাজধানীর উত্তরায় মেট্রোরেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটি বাস্তবায়নে জাপান সাড়ে ১৬ হাজার কোটি এবং বাংলাদেশ সরকার সাড়ে পাঁচ হাজার কোটি টাকা জোগান দিচ্ছে।
গতকাল শুক্রবার চট্টগ্রামের অক্সিজেন-হাটহাজারী সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
এদিকে অক্সিজেন-হাটহাজারীর সড়কের উন্নয়নকাজ ধীরগতিতে চলার কারণে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়াকে কারণ দর্শাতে বলেছেন ওবায়দুল কাদের।
সড়কের উন্নয়নকাজে অগ্রগতি না হওয়ায় যোগাযোগমন্ত্রী হতাশা প্রকাশ করেন। তিনি কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন। আর প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়ায় মন্ত্রী সংশ্লিষ্ট ঠিকাদারকেও সতর্ক করে দেন।
সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়িদ আহসান প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রী মহোদয় অক্সিজেন-হাটহাজারী সড়কের উন্নয়নে কিছু নির্দেশনা দিয়েছিলেন। ওই নির্দেশনা অনুযায়ী কাজের অগ্রগতি না হওয়ায় তিনি নির্বাহী প্রকৌশলীকে কারণ দর্শাতে বলেছেন।’
যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত প্রথম পর্যায়ে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হবে। তিনি বলেন, ‘জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সঙ্গে বাংলাদেশ সরকারের এ-সংক্রান্ত চুক্তি হয়। কিন্তু পরামর্শক নিয়োগের সম্মতি পেতে আমরা অপেক্ষা করছিলাম। তাই এত দিন তা আটকে ছিল। বৃহস্পতিবার পরামর্শক নিয়োগে জাইকার সম্মতি পাওয়ায় এ ক্ষেত্রে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম।’
১৬টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন: খাগড়াছড়ি প্রতিনিধি জানান, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের ১৬টি সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর মধ্যে দুটি সেতু চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এবং ১৪টি খাগড়াছড়ি জেলায়। সাতটি বড় সেতু জাইকা ও নয়টি বাংলাদেশ সরকারের অর্থায়নে ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের অধীনে নির্মিত হবে।
যোগাযোগমন্ত্রী গতকাল চট্টগ্রাম থেকে খাগড়াছড়িতে আসার পথে সেতুগুলোর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর উসোই চিং, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম প্রমুখ।

প্রাণীদেহের শল্যচিকিৎসায় সাফল্য
নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম
হাড়ভাঙা প্রাণীটি এখন দুই দিনের মধ্যেই হাঁটাচলা করতে পারবে। অস্ত্রোপচারের পরে তাকে আর দীর্ঘদিন বিছানায় কাতরাতে হবে না।
অস্ত্রোপচারে অত্যাধুনিক প্ল্যাটিং প্রযুক্তি ব্যবহার করে শল্যচিকিৎসায় সফলতাকে হাতের মুঠোয় নিয়ে এসেছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ। সারা দেশে প্রাণীদেহে শল্যচিকিৎসায় এ ধরনের প্রযুক্তি ব্যবহারের নজির গড়েছে এ বিশ্ববিদ্যালয়। প্রথমবার এ বছরের এপ্রিল মাসে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এ পদ্ধতিতে অস্ত্রোপচার করা হয়। দ্বিতীয়বার গত ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অভিজ্ঞ সার্জনরাই এ দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে সিভাসুর মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এবং এস এ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালের (এসএকিউটিভিএইচ) পরিচালক ভজন চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ‘উন্নত বিশ্বে প্রাণীদের হাড়ভাঙা চিকিৎসায় ব্যবহূত হচ্ছে প্ল্যাটিং প্রযুক্তি। এর আগে দেশে মানুষের চিকিৎসায় এ প্রযুক্তি ব্যবহূত হলেও প্রাণী চিকিৎসায় এর কোনো ব্যবহার ছিল না। দেশে প্রাণীদেহে অস্ত্রোপচারে অত্যাধুনিক ডায়নামিক কম্প্রেশন প্লেট (ডিসিপি) প্রযুক্তি আমরাই প্রথম চালু করেছি। এতে প্রাণী খুব কম সময়ে আরোগ্য লাভ করে। দু-তিন দিনের মাথায় এটি উঠে বসতে এবং হাঁটাচলা করতে পারে। আগে সাধারণ পদ্ধতিতে আরোগ্য লাভে দু-তিন সপ্তাহ সময় লেগে যেত।’
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট দ্বিতীয়বার ভেটেরিনারি হাসপাতালের অপারেশন থিয়েটারে বড় ধরনের আরেকটি অস্ত্রোপচার করা হয়। এবার একটি কুকুরের সম্পূর্ণ ভেঙে যাওয়া পেছনের পায়ের হাড়ের (রাইট শর্ট অবলিক ওভাররাইডিং ডায়াফাইসিয়াল টিবিয়াল ফ্রাকচার) চিকিৎসায় ব্যবহূত হলো প্ল্যাটিং প্রযুক্তি। অপারেশন তত্ত্বাবধানে ছিলেন সিভাসু মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ভজন চন্দ্র দাস ও বিবেক চন্দ্র সূত্রধর। তাঁদের সহযোগিতা করেন ভেটেরিনারি মেডিসিন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী রাকিব, সোপান, কল্যাণ, সৌরভ প্রমুখ।