শিগগিরই মেট্রোরেলের ভিত্তিপ্রস্তর: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই ঢাকার উত্তরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
দেশের সবচেয়ে বড় অবকাঠামো নির্মাণ প্রকল্প মেট্রোরেলের নির্মাণকাজ শুরুর লক্ষ্যে পরামর্শক নিয়োগে জাপানের সম্মতি পাওয়া গেছে বলেও তিনি জানান।
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম-হাটহাজারী সড়ক বিভাজক প্রশস্ত করার কাজ পরিদর্শনের পর যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল প্রকল্প শেষ করার জন্য সরকার জাপানের দাতা সংস্থা জাইকার সঙ্গে গত ২০ ফেব্রুয়ারি একটি চুক্তি সই করেছে। সে অনুযায়ী ওই প্রকল্পে জাইকা ২২০ বিলিয়ন টাকা অনুদানের পাশাপাশি একজন প্রকল্প পরামর্শক নিয়োগ করবে।
পরিদর্শনকালে সড়ক প্রশস্তকরণ কাজের ধীরগতিতে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। এ সময় কর্তব্যে অবহেলার জন্য মন্ত্রী সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়াকে কারণ দর্শানোর নির্দেশ দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, ওই প্রকল্পে ৩২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও বরাদ্দ দেওয়া হবে। তিনি বলেন, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশস্তকরণ কাজ শেষ হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ খাগড়াছড়ি, কাপ্তাই, রাঙামাটির সঙ্গে চট্টগ্রাম মহানগরের সড়ক যোগাযোগ সহজ হবে।
এ সময় সড়ক বিভাগের যুগ্ম সচিব মো. বেলায়েত হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জোনায়েদ আহমদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিয়া উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।