শিগগিরই যানজটমুক্ত হচ্ছে না উত্তরাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যত্রতত্র বাস থামানোর কারণে উত্তরার আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট লেগেই থাকে। ছবিটি গতকাল বিকেলের l প্রথম আলো
যত্রতত্র বাস থামানোর কারণে উত্তরার আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট লেগেই থাকে। ছবিটি গতকাল বিকেলের l প্রথম আলো

ঢাকার ভেতরে চলাচলকারী বাসগুলো সড়কের যত্রতত্র দাঁড়ানোয় এবং সিএনজি স্টেশনে আসা গাড়িগুলো সড়কে সারি করে থাকায় আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় সার্বক্ষণিক যানজট লেগে থাকছে। অথচ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গত ডিসেম্বরে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকাকে যানজট ও পার্কিংমুক্ত ঘোষণা করেছিল। উত্তরা এলাকার যানজট কমাতে ডিএনসিসির নেওয়া পাইলট প্রকল্প কবে আলোর মুখ দেখবে, সে নিশ্চয়তা না থাকায় শিগগিরই যানজট থেকে মুক্তি মিলছে না উত্তরাবাসীর।
যানজটের একই চিত্র উত্তরার আরও দুটি গুরুত্বপূর্ণ স্থান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর ও জসীমউদ্দীন মোড়েও। এখানে আইন অমান্য করে লোকজন সড়ক পারাপার হচ্ছে। এতে একদিকে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ ছাড়া যত্রতত্র বাস থেকে যাত্রী ওঠানো-নামানোয় এখানেও যানজট লেগে থাকছে। গতকাল আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা যায়, আবদুল্লাহপুর থেকে গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর পথে চলাচলকারী বাসগুলো সড়কের ওপর দাঁড়িয়ে আছে। গাজীপুর, টঙ্গী থেকে সায়েদাবাদ পথে চলাচলকারী বাসগুলোও টঙ্গী সেতুতে ওঠার মুখে দাঁড়িয়ে যাত্রী তুলছে। অথচ এর কিছুটা সামনেই ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ নির্ধারিত বাস থামানোর জায়গা।
আবদুল্লাহপুর থেকে মোহাম্মদপুর পথে চলা তেঁতুলিয়া পরিবহনের একটি বাসের চালক মো. জাহাঙ্গীর বলেন, ‘যাত্রীরা সামনে গিয়ে দাঁড়ায় না। সবাই এইখানে দাঁড়ায় থাকে। তাই আমরাও এখানেই থামাই। সার্জেন্ট থাকলে মাঝেমধ্যে পুলিশের ঠিক করা জায়গা থেকে যাত্রী উঠাই।’
আবদুল্লাহপুর ট্রাফিক সিগন্যাল থেকে টঙ্গী সেতুতে ওঠার আগ পর্যন্ত মহাসড়ক ও ফুটপাত দখল করে বসেছে অবৈধ বাজার। রাস্তার কিছু অংশ ও ফুটপাতে গড়ে উঠেছে অর্ধশতাধিকের বেশি ছোট-বড় বিভিন্ন ধরনের দোকান। মাছ, কাঁচা সবজি, ফল, মাংস, ছিটকাপড়সহ নানা ধরনের জিনিসপত্র বিক্রির স্থায়ী ও অস্থায়ী দোকান।
আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডে আছে কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন। এসব ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিতে অসংখ্য যানবাহন সারি ধরে দীর্ঘ সময় মূল সড়কে দাঁড়িয়ে থাকায় যানজট লেগে যায়। তবে আবদুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সের কনস্টেবল আবদুল্লাহ বলেন, ‘আগের তুলনায় যানজট কিছুটা কমেছে। ভয়াবহ যানজটের ব্যাপারটি নেই। এখন পাঁচ-সাত মিনিটের বেশি গাড়ি থেমে থাকছে না। বাসগুলোর যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো বন্ধ করতে প্রায়ই জরিমানা করা হচ্ছে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশন বেশ ঘটা করে আবদুল্লাহপুরসহ রাজধানীর নয়টি জায়গাকে পার্কিংমুক্ত ঘোষণা করেছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) স্থাপিত আরবান ল্যাব পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, নয়টি জায়গাকে পার্কিংমুক্ত করায় বছরে আর্থিক সাশ্রয় হবে এক হাজার কোটি টাকার ওপরে। এই গবেষণায় যানবাহনের জ্বালানি সাশ্রয় ও যানজটের কারণে মানুষের যে কর্মঘণ্টা নষ্ট হতো, সেই হিসাবে করা হয়েছে। কিন্তু যত্রতত্র পার্কিং করে যাত্রী ওঠানো-নামানোয় ও যানজট না কমায় ডিএনসিসির উদ্যোগ ভেস্তে যেতে বসেছে।
উত্তরা জসীমউদ্দীন সড়কের মোড়ে দিনের কোনো না কোনো সময়ে যানজটে পড়তে হয় উত্তরাবাসীকে। সকালে স্কুল ও অফিসের সময়ে এই মোড়ে দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতে হয় উত্তরাবাসীকে। দেখা যায়, জসীমউদ্দীন অ্যাভিনিউয়ে উত্তরা ১ ও ৩ নম্বর সেক্টর থেকে আসা যানবাহনগুলো বিমানবন্দর সড়কে প্রবেশের জন্য সংকেত বাতির সামনে থেমে আছে। একই অবস্থা বিমানবন্দর সড়কের দুই পাশের টঙ্গী ও মহাখালীর দিক থেকে আসা যানবাহনের। পাঁচ মিনিটের সংকেতে কয়েক শ গাড়ির যানজট লাগছে।
যানজট কমাতে এয়ারপোর্ট, জসীমউদ্দীন মোড় ও আবদুল্লাহপুরের ট্রাফিক মোড়ে ‘ইউ’ আকৃতির গাড়ি পারাপার সেতু নির্মাণ করার পাইলট প্রকল্প নিয়েছে ডিএনসিসি। প্রকল্প বাস্তবায়িত হলে এই যানজটের ভয়াবহতা কমবে বলে ডিএনসিসির কর্মকর্তারা আশা করছেন। কিন্তু এখনো কাগজে-কলমে থাকা এই প্রকল্প কবে নাগাদ বাস্তবায়িত হবে, সেই নিশ্চয়তা নেই।